প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) প্রধান কার্যালয়ের কর্মকর্তারা নিয়োগপ্রক্রিয়া সমস্যা সমাধানের জন্য আবারও সময় নিলেন।
গতকাল বৃহস্পতিবার সকালে শতাধিক নিয়োগপ্রার্থী আবারও বিজিএফসিলের কার্যালয় ঘেরাও করেন।
নিয়োগপ্রার্থীরা গতকাল সকাল সাতটার দিকে বিজিএফসিএলের প্রধান কার্যালয়ের মূল ফটকের সামনে মিছিল নিয়ে হাজির হন। তাঁরা প্রতিষ্ঠানটির ভেতরে কোনো কর্মকর্তা-কর্মচারীকে ঢুকতে দেননি এবং ভেতরে থাকা কোনো কর্মকর্তা-কর্মচারীকে বের হতেও দেননি। এ কারণে প্রধান কার্যালয়সহ গ্যাসফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রমও প্রায় বন্ধ থাকে। নিয়োগপ্রার্থীরা সেখানে সমাবেশ করেন।
বিজিএফসিএলের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১৪৩ জন প্রার্থী নিয়োগপত্রের দাবিতে এ কর্মসূচি পালন করেন। এর আগেও তাঁরা নিয়োগপত্রের দাবিতে ২০১২ সালের ৬ সেপ্টেম্বর ও ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি কোম্পানির প্রধান কার্যালয় ঘেরাও করেন। একই দাবিতে ১৯ অক্টোবর নিয়োগপ্রার্থীরা বিজিএফসিলের প্রধান কার্যালয় ঘেরাও করেন। তখনো বিজিএফসিএলের কর্মকর্তারা ১০ দিনের সময় নিয়েছিলেন। ১০ দিন পার হওয়ার পরও নিয়োগপত্র দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত না হলে নিয়োগপ্রার্থীরা গতকাল আবারও বিজিএফসিএলের প্রধান কার্যালয় ঘেরাও করেন।
চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিজিএফসিএল কর্তৃপক্ষ স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর সঙ্গে বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা বলে। কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (অর্থ) রফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘সাংসদের সঙ্গে কথা হয়েছে। সমস্যা সমাধানে আমরা ১০ দিন সময় নিয়েছি।’
তিনি আরও জানান, ২২ অক্টোবর বিজিএফসিএলের বোর্ডসভায় নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বোর্ড অ্যাটর্নি জেনারেলের মতামত নিতে বলেছে। ইতিমধ্যে তাঁরা অ্যাটর্নি জেনারেল বরাবর লিখেছেন। অ্যাটর্নি জেনারেলের মতামতের জন্য অপেক্ষা করছে কর্তৃপক্ষ।
নিয়োগপ্রার্থীরা বক্তব্যে বলেন, চূড়ান্ত স্বাস্থ্যপরীক্ষা নেওয়ার পরও ১৪৩ জনকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে না। তিন বছর ধরে নিয়োগপ্রক্রিয়াটি ঝুলিয়ে রেখেছে কর্তৃপক্ষ।