নিয়োগপ্রাপ্ত জন আসেন না, ক্লাস নেন ভাড়াটে শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের বদলে ভাড়াটে শিক্ষক দিয়ে বিলচাপড়ি ইউনাইটেড উচ্চবিদ্যালয়ের পাঠদান চলছে বলে জানা গেছে। নিয়োগ পাওয়া শিক্ষিকা ফাতেমা জাহানের স্বামী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষা ভবনে চাকরি করছেন। সেই প্রভাব খাটিয়ে নিজে বিদ্যালয়ে না এসে এই ভাড়াটে শিক্ষক নিয়োগ দিয়ে কাজ সারছেন ফাতেমা জাহান।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে ফাতেমা জাহান শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) আওতায় থেকে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি ইউনাইটেড উচ্চবিদ্যালয়ে বিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগদান করেন। এই শিক্ষিকার স্বামী একজন কলেজশিক্ষক। তবে বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষাভবনে প্রেষণে চাকরি করছেন। সেই সুবাদে ফাতেমা জাহান স্বামীর সঙ্গে ঢাকায় অবস্থান করছেন। তাই তিনি মুনজিল হোসেন নামের একজন স্থানীয় কলেজছাত্রকে ভাড়াটে শিক্ষক হিসেবে নিজের জায়গায় নিয়োগ দেন। অভিযোগ উঠেছে, এই শিক্ষিকার স্বামীর প্রভাবে বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির লোকজনও বিষয়টির প্রতিবাদ করছেন না।
ভাড়াটে শিক্ষক মুনজিল হোসেন বলেন, ‘আমি লেখাপড়া শিখে বর্তমানে বেকার বসে আছি। ফাতেমা জাহান আমাকে মাসে ছয় হাজার টাকা বেতন দিচ্ছেন। আমি তাঁর পরিবর্তে বিদ্যালয়ে পাঠদান করছি।’
প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, শিক্ষিকার স্বামী একজন কলেজশিক্ষক। বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে চাকরি করেন। এই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বিদ্যালয়ের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল হামিদ বলেন, ফাতেমা জাহান বিদ্যালয়ে যোগদানের পর থেকেই নিয়মিত না, মাঝেমধ্যে আসেন। তাঁর পরিবর্তে গ্রামের এক ছেলে শিক্ষার্থীদের পাঠদান করেন। বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য তাঁকে অনেকবার বলা হয়েছে। তাঁর স্বামী একজন ক্ষমতাবান ব্যক্তি। তাই তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না।
শিক্ষিকা ফাতেমা জাহানের সঙ্গে মুঠোফোনে অনেকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর আলম বলেন, ভাড়াটে শিক্ষক দিয়ে বিদ্যালয়ে পাঠদানের বিষয়ে প্রধান শিক্ষক কিছু জানাননি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।