নিয়োগে করা রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অতিরিক্ত বিচারক এ বি এম আলতাফ হোসেনকে হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের জন্য করা দুটি রিট আবেদন খারিজ করা হয়েছে। গতকাল বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেতে আলতাফ হোসেন একটি এবং তাঁকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমান অপর রিটটি করেন। দুটি রিটের ওপর শুনানি নিয়ে আদালত আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী এম আই ফারুকী, রোকনউদ্দিন মাহমুদ ও সালাহউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
পরে মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, বিচারপতি নিয়োগসংক্রান্ত বাংলাদেশ বনাম ইদ্রিসুর রহমান মামলায় আপিল বিভাগের রায় অনুসারে বিচারিক দক্ষতা ও যোগ্যতার বিষয়ে প্রধান বিচারপতির মতামত প্রাধান্য পাবে। এ ছাড়া বিচারকের অন্যান্য বিষয়ে নির্বাহী বিভাগের মত প্রধান্য পাবে। প্রকৃতপক্ষে এ দুইয়ের সমন্বয়ে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ দিতে হবে। দুটি বিষয়কে ওই রায়ে প্রাধান্য দেওয়া হয়েছে। দুই মতের মধ্যে নির্বাহী বিভাগের মত ইতিবাচক না হলে, অন্য মতটি প্রাধান্য দিয়ে নিয়োগ দিতে হবে, তা ওই রায়ে নেই।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘ওই রায়ের পর একই আইনগত বিষয়ে দুটি রিটে নতুন করে রুল ইস্যু করার আইনগত যুক্তি নেই বলেছি। রিট দুটি খারিজ করেছেন আদালত।’
আবেদনকারীর আইনজীবী সালাহউদ্দিন বলেন, মক্কেলের (আলতাফ হোসেন) সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০১২ সালের ১৩ জুন এ বি এম আলতাফ হোসেনসহ ছয়জনকে দুই বছরের জন্য হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। শপথ নেওয়ার দিন থেকে ওই নিয়োগ কার্যকর হবে বলা হয়। পরদিন তাঁরা শপথ নেন। গত ৯ জুন তাঁদের পাঁচজনকে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর ইদ্রিসুর রহমান একটি রিট করেন।