উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডে বিভিন্ন পদে লোক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতির পাশাপাশি যোগ্য ব্যক্তিদের বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়৷ নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে উসমানিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
সিবিএর সাধারণ সম্পাদক আবদুল খালেদ বলেন, ‘ব্যবস্থাপক (প্রশাসন) অনিয়ম করে নিজের চার আত্মীয়কে নিয়োগ দিয়েছেন। এ ছাড়া ১০-১৫ বছরের অভিজ্ঞ এমন শ্রমিকদের বাদ দেওয়া হয়েছে। আমরা এ ব্যাপারে ব্যবস্থাপনা পরিচালককে মৌখিকভাবে অভিযোগ দিয়েছি।’
সূত্রমতে, ব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে এই নিয়োগপ্রক্রিয়ার নিয়োগকর্তা ছিলেন। তিনি তাঁর শ্যালকের স্ত্রী, দুই ভাগনে ও এক চাচাতো ভাইকে নিয়োগ দিয়েছেন৷
শ্যালকের স্ত্রী ছাড়া বাকিরা দূরসম্পর্কের আত্মীয় বলে স্বীকার করে ফখরুল আলম বলেন, আত্মীয় হলেও তাঁরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন।
সূত্র জানায়, ৩০ এপ্রিল উসমানিয়া গ্লাস ফ্যাক্টরিতে নিয়োগপ্রক্রিয়া শেষ হয়। গত ১২ নভেম্বর জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিআইসির পরিচালনাধীন এই প্রতিষ্ঠানটির ১০টি পদে ৫৩ জন লোক চাওয়া হয়।
সূত্র জানায়, জুনিয়র ক্লার্কের একটি মাত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই পদে শারমিন আক্তার নামের এক নারী নিয়োগ পান। তিনি ফখরুল আলমের শ্যালকের স্ত্রী৷
আত্মীয়তার কথা স্বীকার করে ফখরুল আলম বলেন, ‘এখানে যতজন আবেদন করেছেন তিনি (শারমিন) সবার মধ্যে যোগ্য। তিনি মাস্টার্স ও কম্পিউটারে ডিপ্লোমা করা।’
সূত্র জানায়, এ ছাড়া বেনজীর আহম্মদ নামের একজনকে হেলপার (উৎপাদন) পদে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ফখরুলের ভাগনে৷ আরও এক ভাগনে মাহবুব আলমকে হেলপার (কার্পেন্ট্রি) পদে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া ফখরুলের চাচাতো ভাই ইকবাল হোসেন চাকরি পান হেলপার (উৎপাদন) পদে। তাঁদের কেউই দুই বছরের বেশি অভিজ্ঞ নন বলে জানা গেছে। অথচ হেলপার (কার্পেন্ট্রি) পদে পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল৷
এ বিষয়ে জানতে চাইলে ফখরুল আলম বলেন, ‘এঁদের কেউ আমার নিকটাত্মীয় নন৷ বেনজীর মুক্তিযোদ্ধা কোটায় যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। তাঁর মুক্তিযোদ্ধা সনদ যাচাই সাপেক্ষে চাকরি নিয়মিত করা হবে। বলা হচ্ছে, আমরা ৮-১০ বছরের অভিজ্ঞদের নিইনি। আমরা এত বছর অভিজ্ঞতা চাইনি।’ তিনি বলেন, যাঁরা বঞ্চিত হয়েছেন তাঁরাই মূলত নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।