নিয়োগের দাবিতে অধিদপ্তর ঘেরাও প্যানেলভুক্তদের
বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য প্যানেলভুক্ত সবাইকে নিয়োগ দেওয়ার দাবিতে মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করেছেন নিয়োগবঞ্চিত ব্যক্তিরা। গতকাল সোমবার সকাল ১০টার পর থেকে বেলা ১টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।
প্রাথমিক প্যানেল শিক্ষক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ কার্যক্রম চালাচ্ছে। পাশাপাশি শূন্যপদ নিয়েও জটিলতার সৃষ্টি করা হয়েছে। ফলে প্যানেলভুক্ত সবাই নিয়োগ পাচ্ছেন না। তাঁরা আদালতের রায় অনুযায়ী নিয়োগের দাবিতে অধিদপ্তর ঘেরাও করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই দাবিতে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর বলেন, এখন মেধাক্রম অনুযায়ী শূন্যপদে নিয়োগ দেওয়া হচ্ছে। পরে পদ শূন্য হলে বাকিদের নিয়োগ দেওয়া হবে।