নিয়োগ-বাণিজ্যের অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে বেড়েরবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। কমিটির দাতা সদস্য মঞ্জুরুল হক বাদী হয়ে ৮ জুলাই বগুড়ার সহকারী জজ আদালতে এ মামলা দায়ের করেন।
মামলায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাজাহান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা, রাজশাহী শিক্ষা বোর্ডের উপপরিচালক ও বিদ্যালয় পরিদর্শক—এই ছয়জনকে আসামি করা হয়েছে। গত মঙ্গলবার সকালে আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে ১১ সেপ্টেম্বরের মধ্যে জবাব চেয়ে আসামিদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মামুনুর রশিদ নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বেড়েরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মামুনুর রশিদ বলেন, ‘মঞ্জুরুল হক আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিদ্যালয়ের সভাপতি হতে পারেননি। এ কারণে তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করেছেন। আমি সরকারি চাকরি করার কারণে দল থেকে অনেক আগেই পদত্যাগ করেছি।’ তবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো টাকা নিয়েছেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়নের জন্য কিছু টাকা নেওয়া হয়েছে।’ কত টাকা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানান।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই বলেন, ‘মামুনুর রশিদ নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে বহাল আছেন। তিনি গতকাল শুক্রবার পর্যন্ত কোনো পদত্যাগপত্র আমার হাতে জমা দেননি।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাজাহান আলী বলেন, ‘বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আওয়ামী লীগের নেতা। তাকে নিয়ে আমার কোনো মন্তব্য নাই। বিধি অনুযায়ী সময়মতো আদালতে মামলার জবাব দেওয়া হবে।’
মামলা সূত্রে জানা যায়, মামুনুর রশিদ নিজেকে সমাজসেবক হিসেবে পরিচয় দিয়ে বেড়েরবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হন। নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবী কেউ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও কোনো রাজনৈতিক দলের কোনো পদে থাকতে পারেন না। কিন্তু মামুনুর রশিদ প্রকৃত তথ্য গোপন করে ২০১৩ সালের ১ সেপ্টেম্বর রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের কাছ থেকে এই কমিটির অনুমোদন নিয়েছেন। এর পর থেকে তিনি ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক ও একজন কর্মচারী নিয়োগ দিয়ে কয়েক লাখ টাকার বাণিজ্য করেছেন। এ ছাড়া, বিদ্যালয়ের নামে টিআর প্রকল্পের প্রায় ১২ টন চাল উত্তোলন করে বিক্রি করেছেন। এই টাকা দিয়ে বিদ্যালয়ের কোনো উন্নয়ন করেননি এবং বিদ্যালয়ের সম্পত্তি বার্ষিক ইজারা দিয়ে সেই টাকা আত্মসাৎ করেছেন। এ অবস্থায় তিনি আবারও বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে লোক নিয়োগের জন্য ২৪ জুন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।