নিয়োগ ও টেন্ডার-বাণিজ্য এবং প্রশাসনের ওপর হামলার মতো ঘটনাগুলোতে প্রধানমন্ত্রী সরকারদলীয় ব্যক্তিদের উৎসাহিত করছেন বলে অভিযোগ করেছে বিএনপি।গতকাল সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।এম কে আনোয়ার বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে দুই কোটি টাকা পর্যন্ত কাজের ক্ষেত্রে দরপত্র জমা দিতে ঠিকাদারের অভিজ্ঞতার শর্ত শিথিল করেছে। সারা দেশে প্রায় সাত লাখ দলীয় নেতা-কর্মীর তালিকা করে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য স্থানীয় আওয়ামী লীগের নেতার প্রত্যয়নপত্রকে বাধ্যতামূলক করা হয়েছে। এ কারণে তাঁরা যেকোনো উন্নয়নকাজ পাওয়া ও চাকরির ক্ষেত্রে দলীয় নেতা-কর্মীদের নিয়োগকে বৈধ মনে করছেন।বিএনপির এই নেতা বলেন, পাবনাসহ দেশের বিভিন্ন স্থানে প্রশাসন যখন সরকারদলীয় লোকদের অনৈতিক কাজে বাধা দিয়েছে, তখনই তারা হামলে পড়েছে। প্রধানমন্ত্রী যদি নিয়োগ ও উন্নয়নকাজের দরপত্রে দলীয় নেতা-কর্মীদের উৎসাহিত করতে এসব পদক্ষেপ না নিতেন, তবে এ অবস্থার সৃষ্টি হতো না। দলীয় লোকদের এসব জঘন্য কর্মকাণ্ডের বিরুদ্ধে যখন সবাই প্রতিবাদ করছে, তখন প্রধানমন্ত্রী নিশ্চুপ থেকে প্রমাণ করেছেন, এতে তাঁর সায় আছে।এম কে আনোয়ার বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে এসব ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেবে। যেসব কর্মকর্তা বিরোধিতা করতে গিয়ে রোষানলে পড়েছেন, তাঁদের সহায়তা করা হবে। তিনি বলেন, প্রশাসনে বিএনপি-জামায়াতের বলে কেউ নেই। যাঁরা সরকারের অনৈতিক কাজের বিরুদ্ধে থাকছেন, তাঁদের বিএনপি-জামায়াতের সমর্থক বলে প্রচার করা হচ্ছে।এমডিজি অর্জনে কৃতিত্ব খালেদার: সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের সাফল্যের কৃতিত্ব খালেদা জিয়ার বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের কাছে তিনি এ দাবি করেন।খোন্দকার দেলোয়ার বলেন, ২০০০ সালে এমডিজি ঘোষণার পর ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশ চালিয়েছে। ওই সময়ই শিশু মৃত্যুহার কমানো হয়। তিনি বলেন, বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী যে পুরস্কার গ্রহণ করেছেন, তার কৃতিত্ব খালেদা জিয়ার।