নিয়োগ ছাড়াই এমপিওভুক্ত
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সই জাল ও ভুয়া কাগজ তৈরি করে এমপিওভুক্ত হয়েছেন দুই শিক্ষক। তাঁদের চলতি বছরের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশ ছাড় করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে।এই দুই শিক্ষকের একজন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল আলম ও অপরজন কামরুন নাহার। রেজাউল আলমের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম। কামরুন নাহার বিদ্যালয়ের করণিক আবুল কাশেমের মেয়ে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, সাত দিন থেকে ওই যুবলীগ নেতা ক্ষমতাসীন দলের প্রভাব দেখিয়ে তাঁদের নিয়মিত শিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য তাঁকে চাপ দিচ্ছেন এবং নানা ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।বিদ্যালয় সূত্র জানায়, ২০১২ সালের ৩০ জুন সহকারী শিক্ষক আবদুল আজিজ, একই বছরের নভেম্বরে গোলাম মোস্তফা প্রামাণিক ও চলতি বছরের ১০ ফেব্রুয়ারি আজিজার রহমান অবসর নেন। ফলে ওই তিনজন শিক্ষকের পদ শূন্য হয়। এই সুযোগে যুবলীগ নেতা ও কামরুন নাহার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সই জাল ও ভুয়া কাগজ তৈরি করে নিয়োগ দেখিয়ে এমপিওভুক্ত হন। অথচ বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্তই নেয়নি; নিয়োগ পরীক্ষা তো দূরের কথা।সূত্র আরও জানায়, ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশ (এমপিও) গত ১৮ মার্চ ছাড় করা হয়। এতে ভুয়া দুই শিক্ষকের নাম অন্তর্ভুক্ত করে ১৬ জন শিক্ষক-কর্মচারীর সরকারি অংশের টাকা বরাদ্দ পাওয়া যায়। অথচ ১১ জন শিক্ষক ও তিনজন কর্মচারীর মাসিক বেতন-ভাতার বিবরণী তৈরি করে সোনালী ব্যাংক সুন্দরগঞ্জ শাখায় জমা দেওয়া হয়েছিল।এ প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন, ওই দুই ভুয়া শিক্ষকের বেতন বাদ দিয়ে অবশিষ্ট শিক্ষকদের বেতন-ভাতা ২০ মার্চ উত্তোলন করা হয়েছে।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম রব্বানী বলেন, ওই যুবলীগ নেতা ভুয়া কাগজপত্র তৈরি করে এমপিওভুক্ত হয়েছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।জেলা শিক্ষা কর্মকর্তা আজাহার আলী বলেন, কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদ শূন্য হলে বিধি অনুযায়ী প্রথমে বিদ্যালয় পরিচালনা কমিটি লোক নিয়োগের সিদ্ধান্ত নেবে। তারপর নিয়োগ কমিটি গঠন ও পত্রিকায় বিজ্ঞাপন দেবেন। নিয়োগ কমিটিতে একজন সরকারি প্রতিনিধি থাকবেন। পরে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের নাম ও আনুষঙ্গিক কাগজপত্র জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কার্যালয়ে পাঠাতে হয়। তারপর একজন শিক্ষক এমপিওভুক্ত হন। কিন্তু রেজাউল আলম ও কামরুন নাহারের নাম ও আনুষঙ্গিক কাগজপত্র জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের মাধ্যমে পাঠানো হয়নি।রেজাউল আলম দাবি করেন, তিনি নিয়ম অনুযায়ী এমপিওভুক্ত হয়েছেন। কিন্তু স্থানীয় সমস্যার কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের নিয়োগ প্রদানের বিষয়টি গোপন রেখেছিল। তিনি প্রধান শিক্ষককে চাপ দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমি কেবল আমাদের দুজনকে শিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য প্রধান শিক্ষককে অনুরোধ করেছি।’ কামরুন নাহার দাবি করেন, আগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাঁকে সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। হাজিরা খাতায় উপস্থিতির সই না থাকার ব্যাপারে তিনি সদুত্তর দিতে পারেননি। প্রধান শিক্ষক যুবলীগ নেতাসহ দুইজনকে নিয়োগের বিষয়টি গোপন রাখার কথা অস্বীকার করেছেন।