নিয়োগ দেওয়া চিকিৎসকদের খুঁজে পাওয়া যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, দেড় বছর আগে নিয়োগ দেওয়া পাঁচ হাজার চিকিৎসককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁরা নাকি সবাই সরকারি টাকায় পড়ছেন। গ্রামেগঞ্জে চিকিৎসকদের রাখা যাচ্ছে না। গতকাল শুক্রবার ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভার সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি টাকায় এভাবে চিকিৎসকদের পড়তে দেওয়া উচিত কি না, তা ভাবা দরকার।সরকারি ব্যবস্থাপনায় বন্ধ্যত্বসহ এ ধরনের বিশেষ বিষয়গুলোতে সরকার নজর দিতে চায়—এ কথা উল্লেখ করে রুহুল হক বলেন, জনবলের স্বল্পতার কারণে ইচ্ছা থাকলেও অনেক কিছু করা যাচ্ছে না। অবেদনকারী ‘ডুমুরের ফুল’ হয়ে গেছে। তিনি বলেন, ‘উপজেলা পর্যায়ে প্রসূতি ও স্ত্রীরোগের চিকিৎসকেরাও থাকতে চান না। গ্রামেগঞ্জে তো চিকিৎসকদের রাখতেই পারছি না।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক টি এ চৌধুরী। অনুষ্ঠানে একাধিক আলোচক বলেন, বন্ধ্যত্ব-সমস্যা দিন দিন প্রকট হলেও বিষয়টিতে সরকার নজর দিচ্ছে না। বন্ধ্যত্ব বা সন্তান না হওয়ার পেছনে স্বামী ও স্ত্রী সমান দায়ী থাকলেও এ দেশে নারীর ওপর সব দায় চাপানো হয়। দায়ী করে স্ত্রীকে তালাক দেওয়া হচ্ছে। অন্যদিকে, বন্ধ্যত্ব চিকিৎসা এখনো দম্পতিদের হাতের নাগালের বাইরেই রয়ে গেছে। আলোচনায় অংশ নেন কলকাতার স্পেকট্রাম ক্লিনিক অ্যান্ড এনডোসকপি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক পি দাস মহাপাত্র, আয়োজক সংস্থার অধ্যাপক সৈয়দা নূরজাহান ভূইয়া, কোহিনূর বেগম, রওশন আরা বেগম, পারভীন ফাতেমা, লায়লা এ বানু প্রমুখ।বন্ধ্যত্ব চিকিৎসায় বিশেষ অবদান রাখার জন্য অনুষ্ঠানে টি এ চৌধুরী, জাতীয় অধ্যাপক শাহ্লা খাতুন ও পারভীন ফাতেমাকে বিশেষ সম্মাননা জানানো হয়। স্বাস্থ্যমন্ত্রী এই তিনজনকে উত্তরীয় পরান এবং হাতে ক্রেস্ট তুলে দেন।