রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ কর্মচারীরা ছাত্রকল্যাণ পরিচালকের দপ্তর ভাঙচুর করেছে। এ সময় কর্মচারীরা ছাত্রকল্যাণ পরিচালক কামরুজ্জামান ওরফে রিপনকে ধাওয়া দিলে তিনি প্রশাসন ভবনের পেছনের দরজা দিয়ে চলে যান।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ কর্মচারীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান গ্রহণ করলে আজ নিজ দপ্তরে আসেননি উপাচার্য মর্ত্তুজা আলী ও রেজিস্ট্রার আশরাফুল আলম।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিজ্ঞাপন দেওয়া সাতটি পদের বিপরীতে ১৫ জনের নিয়োগ চূড়ান্ত করা হয়। বিশ্ববিদ্যালয় ‘কর্মচারী সমিতি’ ও ‘মাস্টার রোল কর্মচারী সমিতি’ এই নিয়োগ বাতিল করে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের মধ্যে থেকে স্থায়ী নিয়োগ দেওয়ার দাবিতে সকাল নয়টা থেকেই প্রশাসন ভবনের সামনে অবস্থান গ্রহণ করেন।
সকাল থেকেই প্রশাসন ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মর্ত্তুজা আলী ও রেজিস্ট্রার আশরাফুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা না এলেও সাড়ে ১০টার দিকে অফিসে আসেন ছাত্রকল্যাণ পরিচালক কামরুজ্জামান। এ সময় কর্মচারীরা তাঁর সঙ্গে কথা বলতে গেলে তিনি আধা ঘণ্টা পরে আলোচনায় বসার আহ্বান জানান। একপর্যায়ে আলোচনা না করেই তিনি দপ্তর থেকে বের হয়ে প্রশাসন ভবনের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ কর্মচারীরা তাঁকে ধাওয়া দেন। তিনি দৌড়ে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করেন। পরে নিয়োগ-বঞ্চিত কর্মচারীরা তাঁর অফিসের জানালার কাচ ও নেমপ্লেট ভাঙচুর করে।
নাম প্রকাশ না করার শর্তে একজন সিন্ডিকেট সদস্য জানান, গতকালের সভায় ডেটা প্রসেসর পদে বিজ্ঞাপিত চারটি পদের বিপরীতে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়। সেকশন অফিসার পদে একটি পদের বিপরীতে তিনজনের নিয়োগ চূড়ান্ত করা হয়। এ ছাড়া টেকনিশিয়ান পদে দুটি পদের বিপরীতে দুজনকে নিয়োগ দেওয়া হয়।
বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক শাহনেওয়াজ সরকার অভিযোগ করেন, ‘বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিধিমালা অনুযায়ী বিজ্ঞাপিত পদের অর্ধেক অভ্যন্তরীণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে থেকে নিয়োগ দেওয়ার কথা। কিন্তু সেই নিয়ম না মেনে প্রশাসনের কর্তাব্যক্তিরা নিজেদের লোক নিয়োগ দিয়েছেন।’ তিনি আরও অভিযোগ করেন, ‘শুক্রবারের নিয়োগে সহকারী টেকনিশিয়ান পদে নিয়োগ পেয়েছেন ছাত্রকল্যাণ পরিচালকের ভাই রাসেল। ডেটা প্রসেসর পদে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জালাল উদ্দিনের ভাই ইনজামুল হককে।’
কর্মচারী সমিতির সভাপতি মুরাদ হোসেন বলেন, ‘অস্থায়ী লোকদের স্থায়ীভাবে নিয়োগ না দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন টাকার বিনিময়ে বাইরের নতুন লোকদের নিয়োগ দিয়েছে। তাই আমরা দাবি করেছি, সিন্ডিকেটের ওই নিয়োগ বাতিল করে নতুন করে মাস্টাররোলে কাজ করা লোকদের নিয়োগ দিতে হবে।’ না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তিনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মর্ত্তুজা আলী, রেজিস্ট্রার আশরাফুল আলম ও ছাত্রকল্যাণ পরিচালক কামরুজ্জামান রিপনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।