অধ্যক্ষের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে সাতক্ষীরা সিটি কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে কলেজ পরিচালনা পর্ষদের এক সদস্য। অধ্যক্ষের দাবি, কলেজ নির্মাণের জন্য ইট কেনার বিষয় তদারকি করায় ক্ষুব্ধ হয়ে পরিচালনা পরিষদের ওই সদস্য এসব ঘটনা ঘটিয়েছে। এতে কলেজের লেখাপড়ার পরিবেশ নষ্ট হচ্ছে।কলেজের সাধারণ শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার সকালে এসে দেখে প্রধান ফটকসহ সব কক্ষে তালা ঝুলছে। কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আবদুল হান্নানসহ শতাধিক মানুষ দাঁড়িয়ে রয়েছে কলেজ মাঠে। লাঠিসোঁটা নিয়ে আরও কয়েকজন দাঁড়িয়ে রয়েছে কলেজের সামনের সড়কে। বেলা ১১টার দিকে পুলিশ এসে আবদুল হান্নান ও অন্যদের সরিয়ে দেয়। কিন্তু তালা খোলার কোনো ব্যবস্থা না করায় তারা কলেজ থেকে চলে আসে।আবদুল হান্নান ও তাঁর ভাই জেলা যুবলীগের সভাপতি আবদুল মান্নান অভিযোগ করেন, সম্প্রতি কলেজের বিভিন্ন বিভাগের ৩২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে অধ্যক্ষ আবু আহমেদ প্রভাষক বৈরাগীর মাধ্যমে এক কোটি ২৫ লাখ টাকা আদায় করে আত্মসাৎ করেছেন। ওই টাকা কলেজ তহবিলে জমা না দেওয়া পর্যন্ত তাদেরকে কলেজে ঢুকতে দেওয়া হবে না। এ কারণে বুধবার সন্ধ্যায় তালা লাগিয়ে দেওয়া হয়েছে। অধ্যক্ষ আবু আহমেদ দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, কারও কাছ থেকে টাকা নেওয়া হয়নি। গত বছরের ৮ ডিসেম্বর জানুয়ারি পরিচালনা পর্ষদের সভায় নিয়োগের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। ওই সভায় আবদুল হান্নানও উপস্থিত ছিলেন। তিনি পাল্টা অভিযোগ করেন, কলেজ ভবন সম্প্রসারণ করার জন্য ৭২ হাজার ইট কেনার সিদ্ধান্ত হয়। ওই ইট আবদুল হান্নান ইচ্ছামতো কিনতে চান। কলেজ চত্বরে কয়েক হাজার ইট নিয়ে আসার পর কলেজের গণিত শিক্ষক প্রভাষ বৈরাগী এ ব্যাপারে তদারকি করেন। এ নিয়ে ক্ষুব্ধ আবদুল হান্নান প্রভাষক বৈরাগীকে লাঞ্ছিত করেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস জানান, বৃহস্পতিবার উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সভায় তালা ঝুলিয়ে দেওয়ার বিষয়ে নিন্দা জানানোর পাশাপাশি আবদুল হান্নানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। এ ছাড়া অধ্যক্ষকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ এবং কলেজের নির্মাণ কমিটি বাতিল করা হয়।