নিয়োগ নিয়ে বিদ্যালয়ে যুবলীগ নামধারী সন্ত্রাসীদের তাণ্ডব
পাবনার ঈশ্বরদীতে নিয়োগকে কেন্দ্র করে গতকাল রোববার একটি বিদ্যালয়ে ভাঙচুর ও প্রধান শিক্ষককে মারধর এবং পরিচালনা পর্ষদের সভাপতিকে লাঞ্ছিত করেছে যুবলীগ নামধারী একদল সন্ত্রাসী। এ ঘটনায় ওই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।স্কুল সূত্র জানায়, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপুপর বালিকা উচ্চবিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক পদে একজন লোক নিয়োগের জন্য গতকাল পাবনা সদর উপজেলার কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বেলা দুইটায় নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। এ জন্য সাতটি আবেদনপত্র জমা পড়ে। বেলা ১১টার দিকে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নিয়োগপ্রার্থী রফিকুল ইসলামের পক্ষে যুবলীগ নামধারী ৩০-৪০ জন যুবক রূপুপর বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তাঁকে বলেন, রফিকুলকে চাকরি দিতে হবে।ওই যুবকেরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে একজন প্রার্থীর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ এনে তাঁর কক্ষে ভাঙচুর চালান এবং তাঁকে কক্ষ থেকে টেনে-হিঁচড়ে বের করে ঘুষি ও লাথি মারতে মারতে স্কুলের মাঠে নিয়ে যান। এ সময় স্কুলের এক শিক্ষক এগিয়ে এলে তাঁকেও লাঞ্ছিত করা হয়। এভাবে প্রায় ৪০ মিনিট ধরে সন্ত্রাসীরা তাণ্ডব চালায়। সন্ত্রাসীরা ঘণ্টা বাজিয়ে দিলে ছাত্রীরা আতঙ্কে ক্লাস থেকে বেরিয়ে যায়।স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, রফিকুল নামের এক প্রার্থীকে চাকরি দেওয়ার জন্য যুবলীগ নামধারী কিছু যুবক প্রধান শিক্ষককে মারধর, স্কুলে হামলা এবং তাঁকেও লাঞ্ছিত করেছেন।প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, রফিকুল নামের একজন প্রার্থীকে চাকরি দিতে রাজি না হওয়ায় যুবলীগ নামধারী সন্ত্রাসীরা তাঁকে বেদম পিটিয়েছে এবং তাঁর কক্ষে ব্যাপক ভাঙচুর করেছে। তিনি এ ঘটনায় মামলা করবেন বলে জানান।ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যালয়ে নিয়োগকে কেন্দ্র করে এক প্রার্থীর পক্ষের লোকজন প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিকে মারধর করেছে।ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, তিনি ঘটনাটি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলেছেন। তবে অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম জানান, প্রধান শিক্ষক ঘুষ নিয়ে একজনকে চাকরি দিচ্ছেন—এমন খবর পেয়ে প্রতিবাদ জানাতে এলাকার ছেলেদের সঙ্গে তিনিও স্কুলে গিয়েছিলেন।পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুজ্জামান বলেন, প্রধান শিক্ষক ঘুষ নিয়ে তাঁর পছন্দের প্রার্থীকে নিয়োগ দেবেন—এ খবর শুনে বিক্ষুব্ধ এলাকাবাসী স্কুলে এসে প্রতিবাদ জানান।