গাইবান্ধায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা নেওয়ার দায়িত্ব থেকে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শাহাদাত হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাকরিপ্রার্থীদের কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগে পুলিশ সদর দপ্তর থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। গতকাল সোমবার গাইবান্ধা পুলিশ লাইন মাঠে বগুড়ার পুলিশ সুপার হুমায়ুন কবির কনস্টেবল পদের জন্য লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষা নেন।যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক জানান, পুলিশ সুপার শাহাদাত হোসেন গত রোববার সন্ধ্যায় অসুস্থতাজনিত কারণে ছুটি নিয়ে ঢাকায় গেছেন। গাইবান্ধা পুলিশ লাইনের আর আই (রিজার্ভ ইন্সপেক্টর) বায়েজিদ হোসেন জানান, বগুড়ার পুলিশ সুপার হুমায়ন কবির, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার নাসির উদ্দিন ও নওগাঁর সহকারী পুলিশ সুপার মো. সোহেল গতকালের নিয়োগ পরীক্ষা নেন। তিনি আরও বলেন, ‘গাইবান্ধার পুলিশ সুপারকে নিয়োগের পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়ার কথা শুনেছি।’ পুলিশ সুপার শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। পুলিশ সদর দপ্তর সূত্র তাঁকে নিয়োগ পরীক্ষা থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।