আদালতের নির্দেশে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলা প্রশাসনের অধীন ১৩টি উপজেলায় চতুর্থ শ্রেণীর (এমএলএসএস) ৫৩টি পদে লোক নিয়োগের জন্য দুই দফা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম দফায় ২০০৯ সালে নিয়োগ পরীক্ষা হয়। এ সময় এক হাজার ৩৪ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে নিয়োগপ্রক্রিয়া স্থগিত হয়ে যায়। পরে ২০১১ সালে আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর নতুন এবং আগেরবার যাঁরা আবেদন করেছিলেন, সব মিলিয়ে আট হাজারের বেশি আবেদনকারীকে শুধু মৌখিক পরীক্ষায় ডাকা হয়। গত ২৭ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত দুই হাজার ৪০০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। কিন্তু ২০০৯ সালের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কার্ত্তিক চন্দ্র রায়সহ তিনজন বাদী হয়ে গত ২ এপ্রিল দিনাজপুর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন। আদালত ৩ এপ্রিল নিয়োগপ্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেন।মামলার বাদী কার্ত্তিক চন্দ্র রায় জানান, আগেরবার নিয়োগ পরীক্ষায় এক হাজার ৩৪ জন উত্তীর্ণ হয়েছিলেন। সবার মৌখিক পরীক্ষাও হয়েছিল। শুধু ফল প্রকাশ করা হয়নি। অনিয়মের অভিযোগে ওই নিয়োগপ্রক্রিয়া স্থগিত করা হয়েছে, কিন্তু বাতিল করা হয়নি। এ অবস্থায় আগের পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন, শুধু তাঁদের মৌখিক পরীক্ষায় ডাকা হোক। তাঁদের মধ্য থেকে ৫৩ জনকে নিয়োগ দেওয়া হোক। নিয়োগ কমিটির সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিজুল ইসলাম জানান, অস্বচ্ছতার অভিযোগে আগের নিয়োগপ্রক্রিয়া বাতিল করা হয়েছিল। কিন্তু এর জন্য আবেদনকারীরা দায়ী ছিলেন না। তা ছাড়া চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ন্যূনতম অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা দরকার। তাঁদের লিখিত পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এ অবস্থায় নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন এবং আগে যাঁরা আবেদন করেছিল, সবাইকে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে সরকারি কৌঁসুলি (জিপি) মামলার জবাব দেবেন এবং মামলা পরিচালনা করবেন। আদালত যে রায় দেবেন, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।