নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রবঞ্চিতদের মানববন্ধন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে প্রবেশপত্রবঞ্চিত চার শতাধিক প্রার্থী গতকাল শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পঞ্চগড়-ঢাকা মহাসড়কে পঞ্চগড় সড়কের চৌরঙ্গী মোড়ে এই মানববন্ধন করা হয়। গতকাল শুক্রবার এই পরীক্ষা হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্রের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বঞ্চিত আবেদনকারীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ করেন। প্রবেশপত্রবঞ্চিত কয়েকজন প্রার্থী দাবি করেন, তাঁরা চার বছর মেয়াদি সম্মান কোর্স সম্পন্ন করে আবেদন করেছেন। সরকারি কর্মকমিশনের (পিএসসির) পরীক্ষায় অংশ নেওয়ার জন্য চার বছরের সম্মান কোর্স সম্পন্নকারীদের স্নাতকোত্তর সমমান হিসেবে ধরা হয়। কিন্তু ‘যোগ্যতা কম’—এই অজুহাতে পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাঁদের আবেদনপত্র বাতিল করে দিয়েছেন।পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হারুন বলেন, ‘আমরা সরকারি বিধি মোতাবেক কমিটির মাধ্যমে প্রবেশপত্র ছাড় করেছি। চার বছরের সম্মান কোর্স সম্পন্নকারী প্রার্থীরা স্নাতকোত্তরের সমমান নয়।’