নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র পাননি প্রায় ৪০০ চাকরিপ্রত্যাশী। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বঞ্চিত আবেদনকারীরা জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। আজ শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫টি শূন্য পদের জন্য এক হাজার ৯৯৮ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে এক হাজার ৬১৮ জন প্রার্থীর জন্য প্রবেশপত্র ইস্যু করা হয়। শিক্ষাগত যোগ্যতাসহ বিভিন্ন কারণ দেখিয়ে বাকি প্রার্থীদের প্রবেশপত্র দেওয়া হয়নি।প্রবেশপত্র-বঞ্চিত কয়েকজন প্রার্থী দাবি করেন, সরকারি কর্মকমিশনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য চার বছরের সম্মান কোর্স সম্পন্নকারীদের স্নাতকোত্তরের সমমান হিসেবে ধরা হয়। কিন্তু ‘যোগ্যতা কম’—এই অজুহাতে তাঁদের প্রবেশপত্র দেওয়া হয়নি। অথচ বিভিন্ন জেলায় তাঁদের সহপাঠীরা একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে আবেদন করে প্রবেশপত্র পেয়েছেন।এ ব্যাপারে পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হারুন বলেন, সরকারি বিধি মোতাবেক কমিটির মাধ্যমে প্রবেশপত্র দেওয়া হয়েছে। কোন জেলার প্রার্থীরা কীভাবে প্রবেশপত্র পেয়েছেন, সেটা তাঁদের দেখার বিষয় নয়।