ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নানা খাতে খরচ দেখিয়ে প্রায় ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে একটি নিয়োগ পরীক্ষায় তিনি ব্যয় দেখিয়েছেন সাড়ে ৪ লাখ টাকার বেশি।
মাদ্রাসাটির ব্যবস্থাপনা ও অর্থ নিরীক্ষা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান গতকাল শনিবার বলেন, ওই ঘটনায় তিনি গত ১৯ মার্চ দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০১৫ সালে মাদ্রাসাটিতে শিক্ষক-কর্মচারী হিসেবে ১৩টি পদে নিয়োগ দেওয়া হয়। এ সময় মো. আজিজুল হক নামের এক ব্যক্তি আরবি বিষয়ের প্রভাষক হিসেবে নিয়োগ পান। তিনি মাদ্রাসার উন্নয়নে ৫ লাখ টাকা অনুদান দেন। মাদ্রাসাটির ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য মো. মোস্তাফিজুর রহমান ও হেলাল উদ্দিন উন্নয়ন খাতে আরও ২ লাখ টাকা অনুদান দেন। এতে মাদ্রাসার আয় হয় ৭ লাখ টাকা। ২০১৬ সালের ১২ মার্চ সই করে মাদ্রাসাটির অধ্যক্ষ মো. শামছুল হক ফকির ওই নিয়োগ পরীক্ষাসহ ১৪টি খাতে ব্যয়ের বিবরণী অর্থ নিরীক্ষা কমিটির কাছে উপস্থাপন করেন। এতে তিনি ওই ৭ লাখ টাকাই ব্যয় দেখান। ওই বছরের সেপ্টেম্বরে অর্থ নিরীক্ষা কমিটি সভা করে এ বিবরণী প্রত্যাখ্যান করে। তাঁরা অধ্যক্ষকে প্রকৃত হিসাব দিতে বলেন। এরপরও টালবাহানা করে না দেওয়ায় গত ১৯ মার্চ দুদকে অভিযোগ করা হয়।
দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলার উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এলে গুরুত্ব অনুযায়ী তা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে নির্দেশনা আসার পর তাঁরা তদন্ত করেন। ওই মাদ্রাসার অভিযোগটি কী অবস্থায় আছে তা নথি না দেখে বলা যাচ্ছে না।’
দুদকে করা অভিযোগ ও হিসাব বিবরণীর অনুলিপি সূত্রে জানা যায়, হিসাব বিবরণীতে অধ্যক্ষ খরচের কয়েকটি খাত উল্লেখ করেন। এগুলো হলো নিয়োগ পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধির আসা-যাওয়া ও তাঁর কার্যালয়ে চিঠি পাঠানো বাবদ ১ লাখ ৫ হাজার, বিশ্ববিদ্যালয়ের চারজন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) পাঁচজন প্রতিনিধির সম্মানী ভাতা, গাড়ি ভাড়া ও হোটেলে থাকা-খাওয়া বাবদ ৩ লাখ ৬২ হাজার ৮০০ টাকা। এ ছাড়া মাদ্রাসাটির সাবেক অধ্যক্ষের বরখাস্তবিষয়ক তদন্ত প্রতিবেদন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠানো ও এর চূড়ান্ত অনুমোদন আনার খরচ দেখানো হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষায় এ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে যাঁরা অংশ নেন, তাঁদের সম্মানী ভাতা মাদ্রাসা কর্তৃপক্ষ বহন করে। এর পরিমাণ জনপ্রতি ৫-৭ হাজার টাকা হতে পারে।
মাদ্রাসাটির অধ্যক্ষ মো. শামছুল হক বলেন, এটি মাদ্রাসার গোপনীয় হিসাবের বিষয়। আপনার হাতে এ হিসাব গেল কীভাবে? হয়তো কেউ তাঁর সিল-সই জাল করে ওই হিসাব বিবরণী তৈরি করেছেন। তিনি সেটি দেননি।
অর্থ নিরীক্ষা কমিটির প্রধান মো. খলিলুর রহমান বলেন, বিবরণীটি অধ্যক্ষই দিয়েছেন। একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির পেছনে যে খরচ দেখানো হয়েছে তা কমিটির কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। তাই অধ্যক্ষকে প্রকৃত হিসাব পেশ করতে বলা হয়েছে। কিন্তু তিনি এখনো তা দেননি।
মাদ্রাসাটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।