নিয়োগ পাওয়া অধিকাংশ ডিলারই আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচিতে দলীয় লোকজনকে ডিলার নিয়োগের অভিযোগ উঠেছে। উপজেলার ৯ হাজার ২৩৪ জন সুবিধাভোগীদের মাঝে চাল বিক্রির জন্য নিয়োগ দেওয়া ১৮ জন ডিলারের বেশির ভাগই সরকারদলীয় এবং তাঁদের আত্মীয়স্বজন বলে জানা গেছে।
এদিকে গতকাল শুক্রবার থেকে সুবিধাভোগীদের মাঝে চাল বিক্রির শুরুর দিনেই ওজনে কম দিতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হাতেনাতে ধরা পড়েছেন উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডিলার এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রুবেল সরকার। দুপুর ১২টার দিকে নির্ধারিত বিক্রয়কেন্দ্রে মাথাপিছু প্রায় চার কেজি করে চাল ওজনে কম দেওয়ার সময় ইউএনও মোহাম্মদ শাফিউল ইসলাম তাঁকে হাতেনাতে আটক করে নিজ কার্যালয়ে নিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।
এ ঘটনার পর নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় তিন ব্যক্তি বলেন, কার্যক্রমের শুরুতেই মাথাপিছু চার কেজি করে চাল কম দিয়ে জুয়াচুরি করলেন ওই স্বেচ্ছাসেবক লীগ নেতা। অথচ তারপরও ডিলারশিপ বাতিল না করে ইউএনও শুধু জরিমানা আদায় করেই তাঁকে ছেড়ে দিয়েছেন।
জানতে চাইলে ইউএনও মোহাম্মদ শাফিউল ইসলাম বলেন, নির্ধারিত বিক্রয়কেন্দ্র পরিদর্শনে গিয়ে ডিলার রুবেল সরকার সুফলভোগীদের কাছ থেকে ৩০ কেজি চালের টাকা নিয়ে মাথাপিছু ওজনে চার কেজি করে চাল কম দিচ্ছেন বলে দেখা যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার আইনে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তবে ইউএনও দাবি করেন, কোনো তদবির বা চাপে নয়। প্রথমবার অপরাধ করায় ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে সতর্ক করে দেওয়া হয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে তাঁর ডিলারশিপ বাতিল করা হবে।
স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল সরকার বলেন, দাঁড়িপাল্লার বদলে একটি পাত্রে করে চাল দিতে গিয়ে ভুলবশত মাথাপিছু দুই কেজি করে চাল কম যাচ্ছিল। বিষয়টি ধরা পড়ার পর ডিজিটাল পাল্লা কেনা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১০ টাকা মূল্যে চাল বিতরণের জন্য উপজেলার ৯ হাজার ২৩৪ জন সুবিধাভোগীর তালিকা বানানো হয়েছে। আর চাল বিক্রির জন্য উপজেলার ৯ ইউনিয়নে ১৮ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি ৫০০ জন হতদরিদ্রের জন্য একজন করে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তবে নিয়োগ পাওয়া ডিলারদের সিংহভাগই ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং তাঁদের আত্মীয়স্বজন। উপজেলার আড়িয়া ইউনিয়নে ডিলার নিয়োগ পেয়েছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আলমগীর স্বপন। এ ছাড়া চোপীনগর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, মাঝিড়া ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রুবেল সরকার, মাদলা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল বারী মণ্ডল, আশেকপুর ইউনিয়নে জেলা ছাত্রলীগের সাবেক নেতা আমিনুল ইসলাম, আমরুল ইউনিয়নে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, খরনা ইউনিয়নে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বাহারাম বাদশা, খোট্টাপাড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী আবুল বাশার ও গোহাইল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের ছেলে আবদুল হাকিম ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন।
তবে ইউএনও মোহাম্মাদ শাফিউল ইসলামের দাবি, নীতিমালা মেনেই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। রাজনৈতিক বিবেচনায় কাউকে ডিলার নিয়োগ দেওয়া হয়নি।