নিয়োগ পাওয়ার বিষয়ে অবহিত হয়েছি: আখতারুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. আখতারুজ্জামান
মো. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে নতুন নিয়োগ পাওয়া উপাচার্য মো. আখতারুজ্জামান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ সোমবার অধ্যাপক আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে আমি অবহিত হয়েছি। আমি এখন গ্রামের বাড়িতে। ঢাকায় এসে দায়িত্ব গ্রহণের পর কথা বলব।’

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী অধ্যাপক আখতারুজ্জামান ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বিভাগের চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি আরবি বিভাগের চেয়ারম্যান হন।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে একই বিভাগে ১৯৯০ সালে প্রভাষক হিসেবে যোগ দেন। এর বাইরেও ফারসি ভাষায় তাঁর ডিপ্লোমা রয়েছে। পিএইচডি করেছেন আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে। যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের ফুলব্রাইট স্কলার ছিলেন অধ্যাপক আখতারুজ্জামান। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার ছিলেন।

অধ্যাপক আখতারুজ্জামান ‘মুসলিম ইতিহাসতত্ত্ব’, ‘মধ্যযুগীয় বাংলার সমাজ ও নগরায়ণ’ নামে দুটি বই লিখেছেন। তিনটি বইয়ের সম্পাদনা করেছেন। তাঁর ৪২টি গবেষণা প্রবন্ধ বিভিন্ন জার্নাল ও সংকলন বইতে প্রকাশিত হয়েছে।

অধ্যাপক আখতারুজ্জামান ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ২০০৯ ও ২০১১ সালে সহসভাপতি ছিলেন। এ ছাড়া বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিলের সদস্য ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। কবি জসীমউদ্‌দীন হলের প্রাধ্যক্ষও ছিলেন। তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদের সাধারণ সম্পাদক। তিনি ২০১০ সালের জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন কমিটির সদস্য ছিলেন।