নিয়োগ স্থগিত, দুই কর্মকর্তা বরখাস্ত তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার রাতে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো এক জরুরি ফ্যাক্স বার্তা থেকে এ তথ্য জানা গেছে।এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন কবীর স্বাক্ষরিত অপর দুটি আদেশে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মুক্তার হোসেন ও হিসাবরক্ষক গ্রেপ্তারকৃত মো. রেজাউল করিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুভাষচন্দ্র সরকারকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৭৭টি পদে লোক নিয়োগ নিয়ে ঘুষ-বাণিজ্যের অভিযোগ ওঠার পর এসব পদক্ষেপ নেওয়া হলো। এদিকে নিয়োগবঞ্চিত প্রার্থী ও তাঁদের স্বজনেরা গতকাল সোমবার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তালা ঝুলিয়ে দেন। এরপর তাঁরা নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে এবং পরে সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করে সমাবেশ করেন। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গা ঢাকা দেন। এরপর কার্যালয়টি পুলিশ পাহারায় রাখা হয়। প্রসঙ্গত, তিন লাখ টাকা উৎকোচ দিয়েও চাকরি না হওয়ায় সিভিল সার্জনের কার্যালয়ের হিসাবরক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে শুক্রবার সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন লক্ষ্মী রানী নামের আয়া পদের এক চাকরিপ্রার্থী। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার ভোরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবরক্ষক রেজাউল করিমকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে ১৬ ডিসেম্বর ‘৯ কোটি টাকা ঘুষ-বাণিজ্য, হিসাবরক্ষক গ্রেপ্তার’ শিরোনামে প্রথম আলোর শেষের পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।