নিয়োগপত্র ও বোনাসের দাবি জাহাজভাঙা শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল আটটায় তাঁরা কাজ শুরু করেন। কখনো ৮ ঘণ্টা, কখনো ১২ ঘণ্টাও কাজ করতে হয়। অথচ তাঁদের নেই নিয়োগপত্র। নেই বোনাস, ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) ও আনুতোষিক (গ্র্যাচুইটি)। পরিচয়পত্রও দেওয়া হয় না তাঁদের। তবু সকাল হলেই তাঁরা ছোটেন কর্মক্ষেত্রের উদ্দেশে। তাঁদের নিয়োগপত্র, বোনাস, ভবিষ্য তহবিল ও আনুতোষিক এখন সময়ের দাবি।

গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবির হাট শাহাজানিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত চট্টগ্রাম শিপব্রেকিং ইয়ার্ড শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রথম সম্মেলনে সংগঠনের নেতারা এসব কথা বলেন।

সম্মেলনে মুঠোফোনে শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দেন সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ফেডারেশনের সভাপতি সফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন পাহাড়তলী ও ফৌজদারহাট শিল্পাঞ্চলের শ্রমিক লীগের সভাপতি ও ফেডারেশনের সাধারণ সম্পাদক সফি বাঙ্গালী, ফেডারেশনের কার্যকরী সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম ও অর্থ সম্পাদক রবিউল হোসেন। প্রথম সম্মেলনে নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে বক্তারা বলেন, নিয়োগপত্র ও পরিচয়পত্র না থাকায় দুর্ঘটনায় মৃত্যু হলে কখনো কখনো মালিকপক্ষ তাদের দীর্ঘদিনের শ্রমিককেও অস্বীকার করে।

সংগঠনের কার্যকরী সভাপতি আবদুর রহিম মাস্টার বলেন, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মসংস্থান তৈরির জন্য আন্দোলন করতে হবে। তবে কর্মস্থল রক্ষা করে সবাইকে কাজ করতে হবে।

সফর আলী বলেন, কারখানার শ্রমিকদের পরিচয়পত্র প্রয়োজন। কারণ, নিরাপত্তাজনিত কারণে অনেক সময় পুলিশ পরিচয়পত্র দেখতে চায়।