নিয়োগপ্রাপ্ত ৯ প্রভাষকের সাতজনই অযোগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ বিষয়খালী এমএস স্কুল অ্যান্ড কলেজে নয়জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছে। এঁদের মধ্যে সাতজনের আবেদন করার যোগ্যতাই নেই। কারণ তাঁরা কেউ নিবন্ধিত শিক্ষক নন, তাঁদের কারও নিবন্ধন সনদ নেই। সনদ ছাড়াই তাঁরা আবেদনপত্র জমা দিয়েছেন এবং চাকরি নিয়েছেন।কর্তৃপক্ষ বলছে, নতুন কলেজ। তাই পরিচালনার স্বার্থে সব কাগজপত্র পরীক্ষা করে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তবে নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের অলিখিত শর্ত দেওয়া আছে। তাঁরা নিয়োগ পাওয়ার পর নিবন্ধন পরীক্ষা দিয়ে, সনদ সংগ্রহ করে কলেজে জমা দেবেন। ব্যর্থ হলে চাকরি হারাবেন। নিয়োগ পাওয়া শিক্ষকেরা দীর্ঘ আড়াই বছরেও নিবন্ধন সনদ জোগাড় করতে পারেননি।এক শিক্ষা কর্মকর্তা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিবন্ধন সনদ ছাড়া কেউ শিক্ষক হিসেবে নিয়োগের আবেদনই করতে পারবেন না। খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশে এমএস মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। ১৯৬৯ সাল থেকে বিদ্যালয়টিতে পাঠদান দেওয়া হচ্ছে। ২০১০ সালে এলাকার কিছু শিক্ষানুরাগী প্রতিষ্ঠানটিকে স্কুল থেকে কলেজে রূপান্তরের উদ্যোগ নেন। বিষয়খালী এমএস স্কুল অ্যান্ড কলেজ নামকরণের মাধ্যমে ওই বছরের জুন থেকে এইচএসসি পর্যায়ে পাঠদান শুরু হয়। ওই মাসেই কলেজ পর্যায়ে নিয়োগ দেওয়া হয় নয়জন প্রভাষক। স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন এখন।কলেজে বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পৌরনীতি, ব্যবস্থাপনা, কম্পিউটার ও যুক্তিবিদ্যায় নয়জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়। এঁদের মধ্যে বাংলায় নিয়োগ পাওয়া প্রভাষক আবদুল বারী ছাড়া কোনো শিক্ষকই নিবন্ধিত নন। আর চাকরি পাওয়ার পর হিসাববিজ্ঞানের প্রভাষক জসিম উদ্দিন নিবন্ধন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। বাকিরা পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি।কলেজের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০১০ সালের ১ জানুয়ারি স্কুলটি কলেজে রূপান্তরের উদ্যোগ নেওয়া হলে শুরু হয় শিক্ষক নিয়োগ-প্রক্রিয়া। এই তৎপরতায় স্থানীয় একটি মহল নিয়োগ বাণিজ্য শুরু করে। আবেদনপত্র বিধিসমঞ্চত নয় জেনেও তাঁদের নিয়োগ দেওয়া হয়। এ ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। কারও কারও কাছ থেকে চার-পাঁচ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। যাঁরা টাকা দিয়ে চাকরি নিয়েছেন তাঁরাও টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন।কলেজ অধ্যক্ষের দায়িত্বে থাকা প্রধান শিক্ষক নুরুল হক জানান, তাঁরা যা করেছেন প্রতিষ্ঠানের স্বার্থেই করেছেন। এর বেশি তথ্য তিনি দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ জানান, যা কিছু করেছেন প্রতিষ্ঠানের স্বার্থেই করেছেন। যাঁদের আবেদন করার যোগ্যতা নেই তাঁরা কীভাবে চাকরি পেলেন জানতে চাইলে তিনি জানান, সব যাচাই করতে গেলে প্রতিষ্ঠান চালানো যায় না। তবে নিয়োগের ক্ষেত্রে টাকা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।নিবন্ধিত নন এমন এক প্রভাষক নাম প্রকাশ না করার শর্তে জানান, কর্তৃপক্ষ একটা ব্যবস্থা করবে—এমন আশ্বাস দিয়ে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের নিবন্ধন পরীক্ষা দিতে বলা হয়েছে। তাঁরাও নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছেন।