নিয়োগবঞ্চিত প্যানেল সহকারী শিক্ষকদের নিয়োগ দাবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অপেক্ষমাণ নিয়োগবঞ্চিত প্যানেল সহকারী শিক্ষকদের একসঙ্গে দ্রুত নিয়োগ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন খুলনা জেলার প্যানেল শিক্ষকেরা। জেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপিও দিয়েছেন তাঁরা।
গতকাল বুধবার খুলনা নগরের বিভাগীয় উপপরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে তাঁরা এই কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ করে আমরা রায় পেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের নিয়োগ নিয়ে টালবাহানা করছে। প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি, আইন মন্ত্রণালয়সহ সবাই আমাদের সকলকে নিয়োগ দেওয়ার জন্য মত দিয়েছে। অথচ অধিদপ্তর এখন গড়িমসি করে নিয়োগ বন্ধ রেখেছে। খুলনা জেলায় ১৩৬ জন প্যানেল শিক্ষক নিয়োগবঞ্চিত আছেন।’
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (প্যানেল) খুলনা জেলার সভাপতি বিজন কুমার হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদা আক্তারের সঞ্চালনায় মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন হাওলাদার মোস্তাক আহমেদ, জাহানারা আক্তার, মো. মনিরুজ্জামান, শারমিন আক্তার, ফাহমিদা খানম, নাজমা সুলতানা, স্বপ্না ঘোষ প্রমুখ।