রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা না নিয়ে নিয়োগ দেওয়া একজন সহকারী ব্যবস্থাপকের নিয়োগপত্রও বাতিল করা হয়েছে। গত ১০ জানুয়ারি কোম্পানির একজন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও দুজন ব্যবস্থাপকের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন: কোম্পানির উপমহাব্যবস্থাপক (বিদ্যুৎ সংরক্ষণ) এ কে এম ইয়াকুব, ব্যবস্থাপক (টারবাইন) ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস ও ব্যবস্থাপক (বয়লার) মো. শাহ আলম খান।অনিয়মের বিষয়টি অনুসন্ধান করে তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের ওপর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ও মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিভাগসহ অন্য বিভাগের ত্রুটি-বিচ্যুতি চিহ্নিতকরণ এবং কোম্পানির সার্বিক বিষয়ের ওপর মতামত ও সুপারিশ প্রদানের কথাও বলা হয়েছে। এ ছাড়া ৩ জানুয়ারি সহকারী ব্যবস্থাপক (ক্রয়) পদে নিয়োগ পাওয়া মো. এমদাদুল হকের নিয়োগপত্র বাতিল করা হয়েছে। ৯ জানুয়ারি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আলম স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়।এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান এ কে এম ইয়াকুব গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্তকাজ শুরু করেছি। তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও আমাদের আরও কয়েক দিন লাগতে পারে।’ এদিকে বিদ্যুৎকেন্দ্রের আওয়ামী লীগপন্থী শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা নিয়োগ পদোন্নতির অনিয়মের তদন্তসহ ১৫ দফা দাবিতে গতকাল প্রতিষ্ঠানে বিক্ষোভ করেছেন। আওয়ামীপন্থী শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, ‘নিয়োগ ও পদোন্নতি নিয়ে যেসব খবর বেরিয়েছে তা প্রতিষ্ঠানের ভাবমুর্তি ক্ষুণ্ন করেছে। আমরা চাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। তাই আমরা বিক্ষোভ করে আমাদের দাবি জানিয়েছি।’ প্রতিষ্ঠানের তদন্ত কমিটির বিষয়ে তিনি বলেন, ‘ব্যবস্থাপনা পরিচালককে এ প্রতিবেদন দেওয়া হবে। কাজেই এ প্রতিবেদন কেমন হবে তা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমরা চাই উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হোক।’ পরীক্ষা নিয়ে তা বাতিল করা, পত্রিকায় বিজ্ঞপ্তি ছাড়া পরীক্ষা নেওয়া, পরীক্ষা ছাড়া নিয়োগ, এক পদের জন্য পরীক্ষা নিয়ে অন্য পদে নিয়োগ, নিয়োগে মেধাতালিকা অগ্রাহ্য করে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে ১২০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী নিয়োগ হয়েছে। এ নিয়ে ৮ জানুয়ারি প্রথম আলোর প্রথম পাতায় ‘অনিয়মই নিয়োগের নিয়ম!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।