রেলের মহাপরিচালক মোহাম্মদ আবু তাহের বলেছেন, রেলের জনবল নিয়োগে অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শনিবার রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মহাপরিচালক বলেন, ইতিমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অনিয়ম উদ্ঘাটন করতে তদন্ত কমিটির সদস্যরা চট্টগ্রামে এসেছেন। রেলে জনবল-সংকটের কথা উল্লেখ করে মহাপরিচালক তাহের বলেন, নিয়োগের কোনো বিকল্প নেই। জনবলের অভাবে রেলের ১৪৬টি স্টেশন বন্ধ রয়েছে। শূন্যস্থান পূরণে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। সংক্ষিপ্ত ও সহজ উপায়ে লোক নিয়োগের চেষ্টা থাকবে। এ সময় রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) মো. মোজাম্মেল হক ও মহাব্যবস্থাপক (উন্নয়ন) আনোয়ারুল কবির উপস্থিত ছিলেন। সাংবাদিকদের রেলের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের চিত্র তুলে ধরে আবু তাহের বলেন, জাইকার অর্থায়নে লাকসাম থেকে চিনকি আস্তানা পর্যন্ত ডবল লাইনের উন্নয়নকাজ এগিয়ে চলছে। এতে সরকারের এক হাজার ৩০১ কোটি টাকা ব্যয় হচ্ছে। আর প্রকল্পটি বাস্তবায়নের কাজ মাস ছয়েক আগে গত নভেম্বরে শুরু হয়। জাইকার অর্থায়নে আরও ১১টি মিটারগেজ ইঞ্জিন (লেকোমেটিভ) কোরিয়া থেকে আনা হচ্ছে। নতুন ইঞ্জিন ২০১৩ সালের জুলাই-আগস্টে রেলওয়ের বহরে যুক্ত হবে।