নিয়োগে অনিয়মের অভিযোগ, আওয়ামী লীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী চিনিকলে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে গতকাল সোমবার স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা কলের প্রধান ফটকে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে নিয়োগ বাতিল করে নতুন প্রক্রিয়া শুরু না করলে তাঁরা বৃহত্তর কর্মসূচি দিয়ে চিনিকল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।বেলা ১১টা থেকে একটা পর্যন্ত এই কর্মসূচি চলাকালে সেখানে বক্তব্য দেন, রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রউফ, পবার হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আখচাষি ফেডারেশনের অর্থ সম্পাদক ইয়াসিন আলী মোল্লা, জেলা শ্রমিক লীগের সভাপতি মহসীন কবির, জেলা সৈনিক লীগের সভাপতি আবু সামা, পবা উপজেলার ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন প্রমুখ।চিনিকলে দৈনিক মজুরির ভিত্তিতে ১৩ বছর ধরে কাজ করেন জিল্লুর রহমান। তিনি বলেন, নতুন করে নিয়োগ হলে তাঁদের নিয়োগ দেওয়া হবে—এই আশায় তাঁরা ১৩ বছর থেকে এই চিনিকলে ক্লিনার হিসেবে কাজ করছেন। অথচ তাঁদের বাদ দিয়ে যাঁরা বেশি টাকা দিতে পেরেছেন, তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহী চিনিকলের ব্যবস্থাপক (প্রশাসন) পিয়ারুজ্জামান বলেন, ‘কে কী নিয়েছে, তা আমার সামনে নেয়নি। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা শোনা যাচ্ছে, আমিও শুনেছি। কিন্তু এর ভিত্তি কী?’