নিয়োগে অনিয়মের অভিযোগ, পাঁচ মাস পরে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারেগপ্রই) গ্রন্থাগারিক রুকসানা আফরোজকে চাকরি থেকে অব্যাহতির নোটিশ দেওয়া হয়েছে। তাঁকে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় নিয়োগ দেওয়া হয়।বারেগপ্রই সূত্রে জানা গেছে, বিভিন্ন পদে ২৯ জন লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর মধ্যে একটি পদ গ্রন্থাগারিকের। বিজ্ঞপ্তিতে এই পদের প্রার্থীদের ক্যাটলগার বা গ্রন্থাগার সহকারী হিসেবে তিন বছরের চাকরির অভিজ্ঞতা চাওয়া হয়। রুকসানা আফরোজ মুক্তিযোদ্ধার সন্তান কোটায় গ্রন্থাগারিক পদে নিয়োগ পান। ৫ সেপ্টেম্বর তিনি ইনস্টিটিউটের রাজশাহী কার্যালয়ে চাকরিতে যোগ দেন।গত ৩০ জানুয়ারি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের (বস্ত্র-২) উপসচিব গোপা চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে রুকসানা আফরোজের নিয়োগ বাতিল করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব উৎপল কুমার দাসের তদন্ত প্রতিবেদন অনুসারে রুকসানা আফরোজের নিয়োগ বাতিল করে তাঁর স্থলে প্রথম স্থান অধিকারী মাসুদ ইকবালকে নিয়োগ দেওয়ার অনুরোধ করা হয়। বারেগপ্রইর পরিচালক আবদুল হামিদ মিঞা বলেন, নিয়োগ কমিটি সঠিক মনে করেই রুকসানা আফরোজকে নিয়োগ দিয়েছিল। এখন তদন্তের পর দেখা যাচ্ছে, রুকসানা আফরোজ ২০১০ সালে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। কিন্তু চাকরির অভিজ্ঞা দেখিয়েছেন তার আগে থেকেই। উপসচিব উৎপল কুমার দাস বলেন, নিয়োগে গুরুতর অনিয়ম হয়েছে বলে তিনি মতামত দিয়েছেন। রুকসানা আফরোজকে বাদ দেওয়া হবে কি না, সেটা কর্তৃপক্ষের ব্যাপার।রুকসানা আফরোজ দাবি করেন, তিনি একটি কলেজে গ্রন্থাগারিক পদে চাকরির পাশাপাশি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। ডিপ্লোমা ডিগ্রি ছাড়াই সে সময় কলেজে নিয়োগ দেওয়ার বিধান ছিল। সে অনুযায়ী তিনি অভিজ্ঞতা দেখিয়েছেন। এ জন্য বাছাই কমিটি তাঁর আবেদনপত্র বাতিল করেনি এবং নিয়োগ কমিটি তাঁকে বিধি মোতাবেক নিয়োগ দেয়।