আনন্দ স্কুলে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে গতকাল দুপুরে (বুধবার) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে হামলা করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল ওই সময় কৌশলে সটকে পড়েন। এদিকে জাহাঙ্গীরের মুক্তির দাবিতে ছাত্রলীগ নেতা-কর্মীরা উপজেলার তোরাবগঞ্জ বাজার এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে অগ্নিসংযোগ করে রামগতি-কমলনগর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
মো. রাসেল অভিযোগ করেন, আনন্দ স্কুলে শিক্ষক নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে। তাঁর দাবি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও যুবলীগের একাংশ ওই প্রক্রিয়াটির সঙ্গে জড়িত।
নিয়োগ বাণিজ্যের মাধ্যমে তাঁরা মোটা অঙ্কের টাকা নিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে চাকরিবঞ্চিতরা তাঁদের অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে দুপুরে উপজেলা শিক্ষা কার্যালয় ঘেরাও এবং প্রতিবাদ-বিক্ষোভ করেছেন। রাসেল জানান, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। ওই সময় পুলিশ কৌশলে তাঁকে এবং ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লবকে থানায় ডেকে নেয়। পরে জাহাঙ্গীরকে আটক করে।
ওই সময় তিনি (রাসেল) কৌশলে সটকে পড়েছেন কি না জানতে চাইলে রাসেল প্রসঙ্গটি এড়িয়ে যান। শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এবং কার্যালয়ে হামলার বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তা মো. আয়ুব আলীর মুঠোফোনে চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল আওয়াল বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রিচিং আউট অব স্কুল চিল্ড্রেন (রস্ক) প্রকল্পের অধীনে আনন্দ স্কুলে শিক্ষক নিয়োগ কার্যক্রম চলছে। ওই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষুব্ধ কিছু লোক শিক্ষা অফিসে ঢুকে আসবাবপত্র তছনছ করেছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।