পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় তারা এর প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেছে। গতকাল রোববার দুপুরে বিএসআরআইয়ের ‘কনফারেন্স রুমে’ তারা সংবাদ সম্মেলন করে।
এর আগে বিএসআরআইয়ের বিভিন্ন পদে নিয়োগবঞ্চিত প্রার্থীরা গত শনিবার ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে কর্তৃপক্ষের বিরুদ্ধে লোক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।
গতকালের সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিএসআরআইয়ের মহাপরিচালক আমজাদ হোসেন। লিখিত বক্তব্য পাঠ করেন প্রশাসন বিভাগের প্রধান ও নিয়োগ কমিটির সদস্যসচিব সাইদুর রহমান। বক্তব্য দেন বিএসআরআইয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক সমজিৎ পাল,বায়োটেকনোলজি বিভাগের প্রধান কুয়াশা মাহমুদ, মৃত্তিকা বিভাগের প্রধান গাজী মো. আকরাম হোসেন ও জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা আবদুস সালাম।
সংবাদ সম্মেলনে আমজাদ বলেন, এই প্রতিষ্ঠানে ৭২ জন বিজ্ঞানীসহ ২৮৬ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ন রাখতে এখানকার বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন। সাম্প্রতিক কালে কিছু ব্যক্তি ইনস্টিটিউটের সুনাম ক্ষুণ্ন করতে নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছেন। তিনি গত শনিবার বিএসআরআইয়ের নিয়োগবঞ্চিত ব্যক্তিদের সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ সম্পর্কে বলেন, সম্প্রতি ১৯ ক্যাটাগরির ২৩টি শূন্য পদে লোক নিয়োগের প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় অকৃতকার্য কিছু ব্যক্তি ‘হতাশ’ হয়ে তাঁরা প্রতিষ্ঠানের বিজ্ঞানী ও কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
নিয়োগ কমিটির সদস্যসচিব সাইদুর রহমান বলেন, বিএসআরআই কর্তৃপক্ষ সরকারি সব নিয়মনীতি ও প্রতিপালনযোগ্য কোটা অনুসরণ করে ১৪ জনকে নিয়োগ দিয়েছে। তবে কোটার প্রাপ্যতা না থাকায় বাকি ৯ শূন্য পদে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। পরে ওই পদে নিয়োগ সম্পন্ন করা হবে।