ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রহিমকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়াই নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় কলেজের সভাপতিকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এমপিওভুক্ত হয়েছেন আবদুর রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, ‘কলেজের অধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্বানুমোদন না নেওয়া প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমরা এখনো ব্যাখ্যা পাইনি। তবে এসব বিষয়ে আমাদের তেমন কিছুই করার নেই।’মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হেলাল উদ্দিন বলেন, ‘সর্বশেষ মে মাসের এমপিওর বিষয়ে আমার জানা নেই। বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পূর্বানুমোদন না থাকলে বা কোনো তথ্য গোপনের বিষয় থাকলে কিংবা কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ ওই কলেজের অভিভাবক আমির হোসেন গত ১৩ জুলাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অধ্যক্ষ আবদুর রহিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, আবদুর রহিম ১৯৯৭ সালের ২০ আগস্ট মানিকগঞ্জের হরিরামপুর থানার এম এ রউফ কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগদান করেন। ২০০৫ সালের মে মাসে আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া কলেজের এক লাখ টাকা আত্মসাতের অভিযোগে কলেজ কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে মামলা করে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। এ ছাড়া হরিরামপুর থানার পুলিশ আরেকটি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। এ মামলাটি মানিকগঞ্জের আদালতে বিচারাধীন। তিনি এসব তথ্য গোপন করে ২০১০ সালে বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে যোগ দেন। কলেজের অভিভাবক সদস্য আবদুল বাতেন বলেন, ‘গত ১৬ জুন অধ্যক্ষ আবদুর রহিমের নিয়োগ বাতিল করতে শিক্ষাসচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কলেজের গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষকে উকিল নোটিশ পাঠিয়েছেন তিনি। বিধিবহির্ভূত নিয়োগ দেওয়ায় তা বাতিল করতে তিনি আইনজীবীর মাধ্যমে ওই নোটিশ দেন।’কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘আমরা চিঠির জবাব দিয়েছি।’