নিয়োগে আধিপত্য নিয়ে ছাত্রলীগের কয়েক দফা সংঘর্ষ, পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আশপাশের এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ কারণে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে পাঁচ পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে প্রভাষক নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজনের ভাষ্যমতে, রোববার বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান তুহিন ও যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মাহমুদের ওপর বোমা হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার জন্য ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আবুজার গিফারী ওরফে গাফফারের পক্ষকে দায়ী করে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় আধিপত্য নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে গতকাল সকালে গাফফারের পক্ষে তাঁর গ্রাম শৈলকুপার বড়দাহ, পাশের শ্রীপুর ও শেরপুর গ্রামের লোকজন ঢাল, সড়কি, রামদা, লাঠিসোঁটা নিয়ে বড়দাহ মাদ্রাসা মোড়ে অবস্থান নেয়। সাধারণ সম্পাদক শামসুজ্জামানের পক্ষে অবস্থান নেয় বসন্তপুর ও শেখপাড়া গ্রামের লোকজন। সকাল নয়টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কিছু গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের বড়দাহ থেকে চড়িয়ারবিল ও শেখপাড়া বাজার পর্যন্ত তিন কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বিআরটিসির একটি বাস ভাঙচুর করা হয়।সংঘর্ষের সময় শেখপাড়া বাজারে কোনো গুলি ছোড়া হয়নি বলে দাবি করেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান। তিনি বলেন, সংঘর্ষে তাঁদের পক্ষের কেউ আহতও হয়নি।বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় আধিপত্যের ব্যাপারে সামসুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন চার বছর মেয়াদ পূর্ণ না করে ক্যাম্পাসে বিভিন্ন বিভাগে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিচ্ছে। আমরা এই নিয়োগ বন্ধের জোর দাবি জানাই। কিন্তু ছাত্রলীগ নামধারী কিছু ছাত্র এই বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে আমাদের ওপর হামলা চালাচ্ছে।’ এ জন্য তিনি গাফফার পক্ষকে দায়ী করেন।আবুজার গিফারী গাফফারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, সংঘর্ষের সময় কনস্টেবল শরিফুল ইসলামের শরীরে গুলি লাগে। তাঁকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ইটের আঘাতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের ১৫টি ফাঁকা গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের ছয়টি শেল ছোড়ে। আপাতত এলাকা শান্ত রয়েছে।কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ বলেন, মূলত ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগসংক্রান্ত বিষয় নিয়ে আধিপত্য বিস্তারে এ সংঘর্ষের ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।নিয়োগ পরীক্ষা স্থগিত: গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার কর্মকর্তা রাশেদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের প্রভাষক নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আসন্ন সিন্ডিকেট সভার তারিখও পরিবর্তিত হতে পারে।