নিয়োগে ঘুষ-বাণিজ্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে সিভিল সার্জনের দপ্তরে নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও ঘুষ-বাণিজ্য হওয়ার অভিযোগ করেছেন অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা। তাঁরা সিভিল সার্জনসহ তিন কর্মকর্তার অপসারণ ও নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন।লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ শতাধিক প্রার্থী গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর হাসপাতাল এলাকায় মিছিল ও সমাবেশ করেন।সিভিল সার্জন দপ্তর সূত্র জানায়, একটি স্বাস্থ্য প্রশিক্ষক পদে ৮০ জন প্রার্থীর মধ্যে চারজন, একটি পরিসংখ্যানবিদ পদে আটজনের মধ্যে তিনজন, তিনটি ভান্ডাররক্ষক পদে ৭৯২ জনের মধ্যে নয়জন, তিনটি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ২১৮ জনের মধ্যে ১০ জন, ২৮টি স্বাস্থ্য সহকারী পদে এক হাজার ২৮৬ জনের মধ্যে ১৩৩ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। গত ১১ নভেম্বর ওই পরীক্ষা হয়। ফল প্রকাশিত হয় ১৩ নভেম্বর।ফল বাতিলের দাবিতে পরের দিন ১৪ নভেম্বর প্রথম বিক্ষোভ করেন অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা। গতকাল তাঁরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মওদুদুর রহমান, শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল সিকদার, ছাত্রলীগের নেতা আবদুল্লাহ আল মামুন প্রমুখ। তাঁদের অভিযোগ, লিখিত পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁদের অর্থের বিনিময়ে পাস করানো হয়েছে। এ জন্য তাঁরা সিভিল সার্জন মো. মোস্তাফিজুর রহমান মিয়া, পরিসংখ্যানবিদ দিলীপ ভদ্র ও উচ্চমান সহকারী জহুর মৃধার অপসারণ দাবি করেন।শহরের জনতা রোডের তানভীর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি ভান্ডাররক্ষক পদে লিখিত পরীক্ষা দিই। কিন্তু পরীক্ষায় দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে উত্তীর্ণ হতে পারিনি। অথচ স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে উচ্চমান সহকারী জহুরের ছেলে রফিকুল ইসলাম মৃধা ও শ্যালক হাফিজুর রহমানসহ তাঁর নয়জন আত্মীয়স্বজন এবং দিলীপ ভদ্রের ভাইয়ের শ্যালক অনুপ উত্তীর্ণ হয়েছেন।’ এ ব্যাপারে উচ্চমান সহকারী জহুর মিয়া বলেন, ‘আমার ছেলে যোগ্যতার ভিত্তিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এতে আমার কী করার আছে।’পরীক্ষায় দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান মিয়া। তিনি দাবি করেন, পরীক্ষা সুষ্ঠু হয়েছে। উত্তীর্ণ হতে পারেনি এমন কিছু ছেলে-মেয়ে নিয়ে ছাত্রলীগের কিছু ছেলে এই মিছিল সমাবেশ করছেন। তাঁদের সঙ্গে সব পরীক্ষার্থী নেই।