এ দেশে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ সংস্থাগুলোতে নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনাই প্রাধান্য পায়। তাই প্রতিষ্ঠানগুলো কখনোই কার্যকর হয় না। এই সমস্যা সমাধানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা যেতে পারে।‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ কমিশনের নিয়োগ প্রক্রিয়া: প্রেক্ষাপট ও প্রস্তাব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব অভিমত দেন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এই আলোচনার আয়োজন করে।গোলটেবিলে সভাপতিত্ব করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজুদ্দীন খান। মূল বিষয়ের ওপর গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির সহকারী ফেলো শাম্মী লায়লা ইসলাম। আলোচনায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘কমিশনগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ তথা ক্ষমতাসীন সরকারের প্রভাব বিস্তারের কারণে প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক ও সহজাত কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকার ও রাজনৈতিক নেতৃত্ব এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে যতখানি কার্যকর দেখতে চায়, এ প্রতিষ্ঠানগুলো ততখানিই কার্যকর হবে।’প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক এবিএম মূসা বলেন, ‘এ দেশে এসব নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। কারণ বাছাই কমিটি, সরকার এবং রাষ্ট্রপতি যা-ই বলা হোক না কেন, সব হয় প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে। এ দেশে প্রধানমন্ত্রীই সব। তাঁর ইচ্ছার ওপরই সব নির্ভর করে।’ সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে ‘জনগণের কাছে গ্রহণযোগ্য’ ব্যক্তিদের নিয়োগের পরামর্শ দেন এবিএম মূসা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল একই ধরনের মনোভাব ব্যক্ত করে বলেন, ‘এ দেশের রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্রের চর্চা নেই। এ দেশের প্রত্যেকটি দলে একজন করে রাজা আছেন। তাঁরা সব সময় চান তাঁদের অনুগত লোকদের কমিশনে নিয়োগ দিতে।’ সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে কমিশনগুলোতে যাঁরা নিয়োগ পান, তাঁরা সবাই দলীয় লোক। সমস্যা সমাধানে কমিশনগুলোতে সদস্য নিয়োগের ক্ষেত্রে বাছাই কমিটি করা যেতে পারে। এই কমিটি প্রধানমন্ত্রীর কাছে কেবল একটি নাম সুপারিশ করবে এবং নিয়োগগুলো অবশ্যই নির্দলীয় হতে হবে।’ আইনজীবী শাহ্দীন মালিক বাছাই কমিটির সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান। তিনি বলেন, ‘কমিশনে নিয়োগের জন্য বাছাই কমিটি করা হলেও সেই কমিটিগুলো কখনো সরকারি দলের বাইরে কোনো লোক দেখেন না। আর কারও মতামতও নেওয়া হয় না।.. এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা উচিত।’ শাহ্দীন মালিক কমিশনে নিয়োগ দেওয়ার জন্য বাছাইকৃত ব্যক্তিদের নাম জনসমক্ষে প্রকাশ করে সাধারণ মানুষের মতামত নেওয়ার আহ্বান জানান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সালাউদ্দিন এম আমিনুজ্জামানও কমিশনগুলোকে ‘রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট’ আখ্যা দেন। বাংলাদেশে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই দুটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এ ছাড়া রয়েছে তথ্য কমিশন, জুডিশিয়াল কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন, দুর্নীতি দমন কমিশন ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ বেশ কয়েকটি সংবিধিবদ্ধ কমিশন।