নিয়োগে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ
কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গত রোববার বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করেছে এলাকাবাসী। প্রতিবাদ সমাবেশ থেকে সিভিল সার্জন গোলাম মোস্তফার বিচার দাবি করা হয়।কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ এবং সিভিল সার্জন কার্যালয়ের সামনে প্রায় তিন ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করা হয়। সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা নূরল ইসলাম, মিনারা বেগম, ভারতী রানী ও হরিজন সমিতির সাধারণ সম্পাদক নন্দন লাল প্রমুখ। অবস্থান ধর্মঘট চলাকালে মিনারা বেগম অভিযোগ করেন, তিনি প্রায় তিন বছর ধরে সদর হাসপাতালে মাস্টাররোলে আয়া হিসেবে কাজ করছেন। তাঁকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার জন্য আবসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কে কে পাল ২০ হাজার টাকা এবং সিভিল সার্জন গোলাম মোস্তফা ৩০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু পরে অবস্থা বেগতিক দেখে আরএমও টাকা ফেরত দিয়েছেন।তবে আরএমও কে কে পাল টাকা গ্রহণ ও ফেরত দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘তাঁকে (মিনারা) চাকরি দেওয়ার জন্য সুপারিশ করেছিলাম মাত্র।’ এদিকে সিভিল সার্জন গত বৃহস্পতিবারের থেকে গত রোববার পর্যন্ত অফিসে যাননি। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মতিয়ার রহমান জানান, কুড়িগ্রামের সিভিল সার্জনের কাছে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ব্যাখ্যা চাওয়া হয়েছে।