নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা পূরণ না করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ও আদালতের আদেশ থাকা সত্ত্বেও নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা পূরণ করছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ সম্পর্কে অভিযোগ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা ইউনিট কমান্ড।লিখিত বক্তব্যে বলা হয়, গত চার বছরে বিশ্ববিদ্যালয়ের ৪১টি বিভাগ ও চারটি ইনস্টিটিউটের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে ২০৪টি পদের বিপরীতে ৩২৯ জনকে শিক্ষক নিয়োগ দেয়। সেখানে মুক্তিযোদ্ধা কোটা মানা হয়নি। বিশ্ববিদ্যালয়ের এই নীতিকে চ্যালেঞ্জ করে ২০১০ সালে রওশন জামির নামের একজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট (২০৮৩/২০১০) মামলা দায়ের করেন। ২০১০ সালের ১৪ ডিসেম্বর ওই রিটের শুনানি শেষে প্রদত্ত রায়ে আদালত রওশন জামিরকে রসায়ন বিভাগে শিক্ষক হিসেবে ৬০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন।পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল (১০৮৭/২০১০) করেন। শুনানি শেষে বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চে আপিল খারিজ হয়ে যায়। অর্থাৎ আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায় বহাল রাখেন। কিন্তু আজও রওশন জামিরকে রসায়ন বিভাগের প্রভাষক পদে নিয়োগ প্রদান করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গণিত বিভাগে মুক্তিযোদ্ধার সন্তান আলেফন ও ফলিত গণিত বিভাগে শাহীনুর আলম প্রভাষক পদে আবেদন করেছিলেন। ওই দুই বিভাগে নয়জন করে ১৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হলেও কর্তৃপক্ষের শর্ত মেনে প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়োগ পাননি দুই মুক্তিযোদ্ধার সন্তান। হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে নিয়োগ করা ১০ জনের বিপরীতে কর্তৃপক্ষের শর্ত মেনে তিনজন মুক্তিযোদ্ধার সন্তান আবেদন করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের মধ্যে মাত্র একজনকে নিয়োগ দিয়েছে। বাকি দুজনকে রহস্যজনক কারণে নিয়োগ দেওয়া হয়নি।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ইউনিট কমান্ডার সাইদুর রহমান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় নূর হামিম রিজভী বীরপ্রতীক, আবদুস সামাদ, হামিদুল হক, আবদুস সামাদ, আবদুল ওহাব, আ. মালেক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ বলেন, তৃতীয় শ্রেনীর পদে এর মধ্যে কোনো নিয়োগ হয়নি। চতুর্থ শ্রেনীর পদে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। শিক্ষক নিয়োগে কোটার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।