নিয়োগের দাবিতে সড়ক অবরোধ তালিকাভুক্ত শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত নিয়োগের দাবিতে রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ না পাওয়া তালিকাভুক্ত কয়েক হাজার শিক্ষক। গতকাল বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের পর বিকেলে তাঁরা শিক্ষা ভবনের সামনের সড়ক অবরোধ করেন।শিক্ষকদের অবরোধের কারণে শিক্ষা ভবন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর আশ্বাসে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন।শিক্ষকেরা জানিয়েছেন, তাঁরা ২০১১ সালের ৯ ডিসেম্বর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত হন। ২০১২ সালের ৯ এপ্রিল সরকার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে। এর মধ্যে উত্তীর্ণ শিক্ষকদের মধ্য থেকে ১০ হাজার জনকে বিভিন্ন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেয় সরকার। এরপর তাঁদের সবার চাকরি জাতীয়করণও করা হয়। কিন্তু ওই তালিকায় থাকা ৩২ হাজার ৬০১ জন শিক্ষক-শিক্ষিকাকে এখনো নিয়োগ দেওয়া হয়নি। তালিকাভুক্ত শিক্ষক সমিতির সভাপতি তাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিয়োগ না পেয়ে শিক্ষকদের মধ্যে হতাশা নেমে এসেছে। তাই তাঁরা আবার আন্দোলন শুরু করেছেন। তালিকাভুক্ত শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামীম আল মামুন বলেন, দাবি না মানা হলে ১৭ এপ্রিলের পর আবার আন্দোলন শুরু করবেন।