নিয়োগের নামে টাকা নিয়ে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মচারী ও পরিবেশক নিয়োগের নামে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় একজন প্রতারিত ব্যক্তি থানায় মামলা করেছেন। কোম্পানির নাম সৈকত কনজুুমার ফুড প্রোডাক্ট। পরিবেশকেরা ধারণা করছেন, এই কোম্পানির নিজস্ব কোনো পণ্য নেই। শুধু তারা কোম্পানির নামে কাগজের মোড়ক ছাপিয়ে অন্য কোম্পানির পণ্যের গায়ে লাগিয়ে দুই দফা কম দামে তাঁদের কাছে সরবরাহ করে। এতে তাঁরা বিশ্বাস করে বেশি মাল নেওয়ার জন্য বেশি পরিমাণ টাকা জমা দিয়েছেন। এই সুযোগে তারা টাকা নিয়ে কেটে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, গত জানুয়ারি মাসে এই কোম্পানি রাজশাহী নগরের উপশহর এলাকার ৩ নম্বর সেক্টরের ১২১/৩ নম্বর বাড়ির নিচতলা ভাড়া নিয়ে তাদের বিভাগীয় কার্যালয় চালু করে। ফেব্রুয়ারিতে স্থানীয় পত্রিকায় ২০ জন এলাকা ব্যবস্থাপক, দুজন অভ্যর্থনাকারী, ২০ জন বিক্রয় প্রতিনিধি ও একজন পিয়ন নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করে। কর্মচারীদের জামানত দিয়ে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে নিয়োগ দেওয়া হয় প্রায় ২৪ জন পরিবেশক। তাঁদের কাছ থেকে ২০ হাজার টাকা করে জামানত নেওয়া হয়। এলাকা ব্যবস্থাপকদের মাসে সাড়ে ১০ হাজার টাকা করে বেতন দেওয়ার কথা ছিল। আর বিক্রয় প্রতিনিধিরা নির্ধারিত হারে কমিশন পাবেন। কিন্তু এ পর্যন্ত কোনো এলাকা ব্যবস্থাপককে বেতন দেওয়া হয়নি। বিক্রয় প্রতিনিধিরাও কমিশন পাননি। শুধু অফিসের দুই-তিনজন কর্মচারীকে কিছু বেতন দেওয়া হয়েছে। পরিবেশকেরা জানান, কোম্পানির পণ্য হচ্ছে সয়াবিন তেল, আটা, ময়দা, চিনি ও মসুর ডাল। এগুলো বাজার দরের চেয়ে বেশ কম মূল্যে তাঁদের দুই দফা সরবরাহ করা হয়। কোম্পানির নিয়ম অনুযায়ী, মাল নেওয়ার আগে কোম্পানির ব্যাংক হিসাবে টাকা জমা দিতে বলা হয়। গত ২৭ এপ্রিল পরিবেশকদের মালামাল সরবরাহ করা হবে মর্মে আগেই তাদের কাছ থেকে ব্যাংক হিসাবের মাধ্যমে অগ্রিম টাকা জমা নেওয়া হয়। এ ছাড়া হাতে হাতে নগদ টাকা জমা নেওয়া হয়েছে। ২৭ এপ্রিল মালামাল নিতে গিয়ে পরিবেশকেরা দেখেন, কোম্পানির কার্যালয়ে তালা ঝুলছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন, বিভাগীয় মার্কেটিং ব্যবস্থাপক রাসেল আহাম্মেদ ও মহাব্যবস্থাপক মোহাম্মদ রাকিবের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। কোনো কর্মচারীর কাছেই কোম্পানির এই শীর্ষ কর্মকর্তাদের কোনো ঠিকানা ছিল না। শুধু কোম্পানির কারখানা কেরানীগঞ্জ বলে তাঁরা জানেন। তাদের কোনো খোঁজ না পেয়ে কোম্পানির জয়পুরহাট এলাকা ব্যবস্থাপক জিল্লুর রহমান বাদী হয়ে গত ৩ মে নগরের বোয়ালিয়া থানায় এই তিন কর্মকর্তাকে আসামি করে একটি মামলা দায়ের করেন। জিল্লুর রহমান বলেন, মামলার এজাহার দায়ের করার সময় মোট ১২ লাখ ৮৪ হাজার টাকার হিসাব দেওয়া হয়েছে। কিন্তু কোম্পানির আত্মসাৎ করা টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ। বাড়ির মালিক মনিরুল আলম জানান, মাসিক ১৫ হাজার টাকা হিসাবে তাঁকে একসঙ্গে চার মাসের ভাড়া দিয়ে তারা তাঁর বাড়িতে ব্যবসাপ্রতিষ্ঠান খোলে। তাদের সঙ্গে কোনো চুক্তিপত্র ছাড়াই বাড়ি দিয়েছেন। এ জন্য তাঁর কাছে তাদের কোনো ঠিকানা নেই।