নিয়োগের শর্তে অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিনের লোকবল সংকটের মধ্যে সামান্য সম্মানীর বিনিময়ে অনিয়মিত শিল্পী-কলাকুশলীরা বেতারের দায়িত্ব পালন করছেন। কিন্তু এখন বেতারের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে যে শর্ত দেওয়া হয়েছে তাতে তাঁরা সুযোগ পাচ্ছেন না। এ নিয়ে রাজশাহীসহ সারা দেশের বেতারের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।বেতারের একটি সূত্র জানায়, এখনো বেতারের সম্প্রচারকে চালু রাখতে কর্তৃপক্ষকে বেতারের অনিয়মিত শিল্পী-কুশলীদের ওপর নির্ভর করতে হচ্ছে। রাজশাহীসহ সারা দেশে ১২টি বেতার কেন্দ্রে যন্ত্রীসহ সাড়ে ৬০০ অনিয়মিত শিল্পী-কলাকুশলী কর্মরত আছেন। এর মধ্যে রাজশাহী বেতারে আছেন ৬৫ জন। রাজশাহী বেতারের কয়েকজন অনিয়মিত কুশলী ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর তাঁরা কাজ করেও তাঁদের নিয়মিত করা হয়নি। সামান্য সম্মানীতে সারা দিন কাজ করে তাঁদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। এরই মধ্যে গত ১৫ জুলাই বেতারে লোক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সেখানে বয়স পার হয়ে যাওয়ার কারণে তাঁরা আবেদন করতে পারছেন না। অথচ সরকারের টিঅ্যান্ডটিসহ আরও কয়েকটি দপ্তরে এ ধরনের কর্মচারীদের স্থায়ী করা হয়েছে। এখন এই বয়সে তাঁরা কোথায় যাবেন। পরিবার-পরিজন নিয়ে কী করবেন। গত শুক্রবার বেতারের মহাপরিচালক রাজশাহী বেতারে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, সরকারি নিয়োগ বিধি অনুযায়ী বয়স পার হয়ে যাওয়ার কারণেই অনিয়মিত শিল্পী-কুশলীরা এই নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী চাকরির আবেদন করতে পারবেন না। তিনি বলেন, ‘আমি বুঝতে পারি না, এই সামান্য বেতনে কেন তারা এতদিন এখানে পড়ে রয়েছেন।’