নিয়োগ-বাণিজ্যের টাকা ফেরত চেয়ে বিদ্যালয়ে তালা

জামালপুর সদর উপজেলার গোদাশিমলা উচ্চবিদ্যালয়ে নিয়োগ-বাণিজ্যের মাধ্যমে আত্মসাৎ করা টাকা ফেরত দেওয়ার দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন এলাকাবাসী। এতে গত চার দিন ধরে বিদ্যালয়ে পাঠদানসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, ২২ এপ্রিল বিদ্যালয়ে অফিস সহকারী পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় ৮ লাখ টাকা ঘুষ নিয়ে গোদাশিমলা এলাকার নূর মোহাম্মদ নামের একজনকে নিয়োগ দেওয়া হয়। ওই টাকা বিদ্যালয়ের উন্নয়নকাজে ব্যয় করার কথা ছিল। কিন্তু ওই টাকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ভাগ-বাঁটোয়ারা করে নেন। গত দুই বছরে আরও তিন শিক্ষককে ১৫ লাখ টাকা ঘুষ নিয়ে নিয়োগ দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ওই টাকাও বিদ্যালয়ের উন্নয়ন খাতে ব্যয় না করে প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি আত্মসাৎ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়োগের সময় নেওয়া ওই ২৩ লাখ টাকা বিদ্যালয়ের তহবিলে ফেরত ও তা উন্নয়নকাজে ব্যয় করার দাবিতে গত সোমবার এলাকাবাসী বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এর পর থেকে চার দিন ধরে বিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রয়েছে।
ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র ও এলাকার বাসিন্দা আকিবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়নকাজের কথা বলে প্রধান শিক্ষক মো. শহিদুর রহমান ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অফিস সহকারী পদের নিয়োগ পরীক্ষার আগেই এক প্রার্থীর কাছ থেকে ৮ টাকা ঘুষ নেন। এ ছাড়া গত দুই বছরে তিনজন শিক্ষক নিয়োগ দিয়ে তাঁরা ১৫ লাখ টাকা আত্মসাৎ করেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ওই টাকা বিদ্যালয়ের তহবিলে ফেরত ও উন্নয়ন খাতে ব্যয় করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে চাপ দেন। কিন্তু তাতে কাজ না হওয়ায় আমরা সবাই মিলে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিই।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুর রহমান অফিস সহকারী পদে নিয়োগ বাবদ ৮ লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে ওই টাকা উন্নয়ন খাতে ব্যয় করা শুরু হয়েছে।’ বিদ্যালয়ে তালা ঝোলানোর বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর স্ত্রী ফোন ধরে বলেন, তিনি অসুস্থ, এখন কথা বলতে পারবেন না।