নীচু জাত বলে শবদাহে বাধা, প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরে উঁচু বর্ণের হিন্দুরা ছোট জাত বলে ঋষি (মুচি) সম্প্রদায়ের এক ব্যক্তির লাশ শ্মশানের চিতায় সৎকার করতে দেয়নি। এর প্রতিবাদে দলিত সম্প্রদায়ের লোকজন গত বৃহস্পতিবার উপজেলা শহরের ত্রিমোহনী মোড় চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেছে।জানা গেছে, উপজেলার শ্রীরামপুর গ্রামের আনন্দ দাস (৫০) বুধবার রাতে মারা যান। স্বজনেরা তাঁর লাশ সৎকারের জন্য বৃহস্পতিবার সকাল ১০টায় ভালুকঘর শ্মশানে নিয়ে আসে। কিছুক্ষণ পর ভালুকঘর শ্মশান কমিটির সভাপতি অজিত ঘোষ, সাধারণ সম্পাদক গৌর মল্লিক, অসীম ভট্টাচার্য সেখানে এসে লাশ দাহ করতে নিষেধ করেন।আনন্দ দাসের ছেলে সুভাষ দাস আভিযোগ করেন, ‘শ্মশান কমিটির লোকেরা আমাদের ছোট জাত বলে বাবার লাশ নদীর ধারে দূরের একটি জায়গায় ঋষিদের জন্য আলাদা চিতায় পোড়াতে বলেছে।’ওই গ্রামের দীপঙ্কর দাস অভিযোগ করেন, ‘আমরা অসীম ভট্টাচার্যের পা জড়িয়ে ধরে অনুরোধ করলেও তিনি আমাদের বলেন, লাশ দাহ করলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিমোহিনী মোড় চত্বরে দলিত পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। এতে অংশ নেওয়া লোকজন এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষী ব্যক্তিদের শাস্তি দেওয়ার দাবি জানান। শ্মশান কমিটির সভাপতি অজিত ঘোষ জানান, তাঁরা শ্মশানে কাউকে লাশ পোড়াতে বাধা দেননি।