নীতি-আদর্শ না থাকলে কারও সঙ্গে ঐক্য হতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, নীতি-আদর্শ ও রাজনৈতিক কর্মসূচি না থাকলে কারও সঙ্গে ঐক্য হতে পারে না। পার্বত্য চুক্তিবিরোধী ইউপিডিএফ ও তথাকথিত সংস্কারপন্থী জনসংহতি সমিতির এসব কোনো কিছুই নেই। অপরদিকে চাকমা সার্কেল প্রধান রাজা দেবাশীষ রায় বলেছেন, এক দলে না হোক একই প্ল্যাটফর্মে যেন আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্যচুক্তি বাস্তবায়নের আন্দোলন করা যায়, তার চেষ্টা করতে হবে।গতকাল বৃহস্পতিবার জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সাংসদ এম এন লারমার ২৮তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোকদিবস পালন উপলক্ষে রাঙামাটির শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রধান আলোচক হিসেবে সন্তু লারমা ও প্রধান অতিথির বক্তব্যে রাজা দেবাশীষ রায় এসব কথা বলেন। এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন ও বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল শাখা এ সভার আয়োজন করে। ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মানিক লাল দেওয়ান জনসংহতি সমিতি ও ইউপিডিএফের মধ্যে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করার আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে এসব বক্তব্যের অবতারণা ঘটে।রাজা দেবাশীষ রায় আরও বলেন, ‘ভ্রাতৃঘাতী সংঘাত, হানাহানির মতো জটিল সমস্যা সমাধানে কোনো জাদুকরি সমাধান নেই। রাজনৈতিক ঐক্য না থাকলেও যেন সংঘাত বন্ধ করতে পারি, তার জন্য নেতাদের প্রতি আমি আহ্বান জানাই।’ তিনি বলেন, ‘প্রয়াত মানবেন্দ্র নারায়ণ লারমার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।’সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রতিনিয়ত রক্ত ঝরছে। এ রক্ত ঝরা বন্ধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজও (বৃহস্পতিবার) জুরাছড়িতে রক্ত ঝরেছে বলে উল্লেখ করে সন্তু লারমা বলেন, ‘যেকোনো মুহূর্তে আমাদের জীবন চলে যেতে পারে। পার্বত্য চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে বিশেষ মহলের প্ররোচনায় গঠিত ইউপিডিএফ গত ১৪ বছরে আমাদের ৮০ জনের বেশি নেতা-কর্মীকে হত্যা করেছে।’সন্তু লারমা বলেন, এ সংঘাত ভ্রাতৃঘাতী হানাহানি নয়, এটা শ্রেণীগত সংঘাত। এম এন লারমা হত্যাকারী চক্র এখনো সক্রিয় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।সন্তু লারমা আরও বলেন, ‘বর্তমান সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দ্বিতীয় অর্থাৎ শেষবার পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অস্তিত্ব বিলুপ্তির চক্রান্ত শুরু করেছে। আমাদের এ চক্রান্ত থেকে বের হয়ে আসতে হবে। তা না হলে আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে।’আলোচনা সভায় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, মোনঘর আবাসিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ লতিকা তালুকদার, সাংবাদিক হরি কিশোর চাকমা ও আইনজীবী জুয়েল দেওয়ান। জনসংহতি সমিতির কর্মসূচি পালন এম এন লারমার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখা দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। সকালে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অস্থায়ীভাবে নির্মিত এম এন লারমার বেদিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১০টায় রাঙামাটি শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমিতির রাঙামাটি জেলা সভাপতি গুণেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও ইউপিডিএফকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়।সন্ধ্যায় বেদিতে মোমবাতি প্রজ্বালন ও ফানুস ওড়ানোর কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া বিভিন্ন উপজেলায় জনসংহতি সমিতির পক্ষে কর্মসূচি পালন করা হয়েছে বলে জানানো হয়।