নীতি সংশোধনের প্রস্তাব ফেরত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো ও পরিত্যক্ত (স্ক্র্যাপ) জাহাজ আমদানির জন্য আমদানি নীতি আদেশ (২০০৯-১২) সংশোধনে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব ফেরত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। রপ্তানিকারক দেশের সরকার বা সরকার অনুমোদিত কোনো সংস্থা থেকে জাহাজের বর্জ্যমুক্ত সনদ নেওয়ার দরকার নেই। জাহাজে কোনো বিষাক্ত বর্জ্য আছে কি নেই, বরং রপ্তানিকারকই তা বলবে। পরে তা যাচাই করে দেখবে পরিবেশ ও বন মন্ত্রণালয়—এ রকম সিদ্ধান্ত নিয়ে গত ৩ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় তা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়। গতকাল মঙ্গলবার আইন মন্ত্রণালয় তা ফেরত পাঠিয়ে এ বিষয়ে আদালতের রায়ের কপি চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে।গত ২৬ জানুয়ারি জারি হওয়া বর্তমান আমদানি নীতিতে বলা হয়েছে, ‘পরিত্যক্ত জাহাজ (স্ক্যাপ ভ্যাসেল) আমদানির ক্ষেত্রে তা বিষাক্ত বর্জ্যমুক্ত—এই মর্মে রপ্তানিকারক দেশের সরকার বা সরকার কর্তৃক অনুমোদিত উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র শিপিং ডকুমেন্টসের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে।’ এতে পুরোনো জাহাজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় দুই মাস ধরে আমদানি নীতির এই ধারাটি সংশোধন করতে উঠেপড়ে লেগেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দাবি: আমদানি নীতি আদেশ (২০০৯-১২) সংশোধনী প্রস্তাব অনুমোদন না করতে আইন মন্ত্রণালয়ের কাছে গতকাল দাবি জানিয়েছে বেলা। আইনমন্ত্রী শফিক আহমেদের কাছে লেখা আবেদনপত্রে বেলা বলেছে, আমদানি নীতি সংশোধনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা পক্ষপাতদুষ্ট এবং আন্তর্জাতিক ও দেশীয় আইন পরিপন্থী। পরিবেশ ও শ্রমিক স্বার্থ রক্ষায় গত বছর আদালত যে রায় দিয়েছেন, সেই রায়কে চতুরতার সঙ্গে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। জাহাজভাঙা শিল্প নিয়ন্ত্রণে ২০০৯ সালের ১৭ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট (রিট মামলা নম্বর ৭২৬০/২০০৮) এ মর্মে নির্দেশ দেন যে, জাহাজভাঙার জন্য আনীত প্রতিটি জাহাজকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশের আগেই বর্জ্যমুক্ত করতে হবে। বেলা বলেছে, জাহাজ বাংলাদেশে আসার পর রপ্তানিকারকের প্রদত্ত তথ্যের সত্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তরকে। যদিও তথ্য ভুল প্রমাণিত হলে রপ্তানিকারকের কোনো দায়িত্ব প্রস্তাব করা হয়নি। অথচ রপ্তানিকারক কর্তৃপক্ষের একাধিকবার ভুল ও অসত্য তথ্য দেওয়ার ঘটনা আদালতে প্রমাণিত হয়েছে। বেলার মতে, বাসেল কনভেনশনের শর্ত ভঙ্গ করে এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত তথাকথিত জাহাজভাঙা শিল্প বাংলাদেশকে আন্তর্জাতিক বর্জ্যের ভাগাড়ে পরিণত করেছে এবং সমুদ্রসৈকতকে পরিণত করেছে মৃত্যুকূপে। জাহাজভাঙা শিল্প মালিকেরা কখনো কর্মরত শ্রমিকদের যথাযথ রেকর্ড সংরক্ষণ করেন না এবং শ্রমিক স্বার্থ রক্ষায় শ্রমিকদের কোনো সংগঠন করতে দেন না। গত দুই বছরে এ শিল্পে অন্তত ৩৮ জন শ্রমিক প্রাণ হারিয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে ৪৯ জন; যাদের অধিকাংশই বয়সে তরুণ। বেলা আশা করে, বিষাক্ত বর্জ্যযুক্ত বিদেশি জাহাজের বাংলাদেশে প্রবেশ রোধ এবং শ্রমিক স্বার্থ রক্ষায় আমদানি নীতি আদেশের প্রস্তাবিত সংশোধনী আইন মন্ত্রণালয় প্রত্যাখ্যান করবে।