নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন, ২০১৪-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়৷
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান৷ তিনি বলেন, সামরিক শাসনামলে করা বিদ্যমান আইনটি ইতিমধ্যে আদালতের রায়ে অকার্যকর হয়ে গেছে৷ বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আগের সংশোধনীগুলো রেখে আইনটিকে আরও হালনাগাদ ও বাংলায় করা হচ্ছে৷ বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না৷ বৈঠকে সেতু নির্মাণে সড়ক বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের কাজের সমন্বয়ের জন্য একটি প্রস্তাব তৈরি করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব ও সড়ক বিভাগের সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে৷
খসড়া আইনানুযায়ী, সেতু নির্মাণের পর ওই সেতু রক্ষণাবেক্ষণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ৷ নির্বাহী পরিচালক হবেন এ প্রতিষ্ঠানের প্রধান৷ আবার এ প্রতিষ্ঠানের একটি বোর্ড থাকবে, তার নাম হবে ‘বাংলাদেশ সেতু বোর্ড’৷
বৈঠকে বাংলাদেশ ও চিলির মধ্যে কূটনৈতিক ও অফিিশয়াল পাসপোর্ট-ধারীদের ভিসা অব্যাহতি-সংক্রান্ত স্বাক্ষরিত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন হয়৷ প্রস্তাবটি অনুমোদন হওয়ায় দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে৷
বৈঠকে ঢাকায় অনুষ্ঠিত সার্ক মন্ত্রিপরিষদ সচিবদের দ্বিতীয় সভা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়৷