নীতিনির্ধারকদের মনোভাব পরিবর্তন করার তাগিদ
‘আদিবাসীদের ভূমিসহ বিভিন্ন সমস্যা সমাধানে দেশের নীতিনির্ধারকদের সদিচ্ছার অভাব রয়েছে। নীতিনির্ধারকেরা আদিবাসীদের সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন না। তাঁদের মনোভাবের পরিবর্তন না হলে হাজারটা সেমিনার করেও আদিবাসীদের কোনো সমস্যার সমাধান আশা করা যায় না।’রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আদিবাসীদের ভূমি ও মানবাধিকার’ শীর্ষক এক সেমিনারে কথাগুলো বলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষে ১০টি মানবাধিকার ও ভূমি অধিকার সংস্থা এবং আদিবাসী সংগঠন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সন্তু লারমার বক্তব্যের প্রতি একাত্মতা প্রকাশ করেন সেমিনারে অংশ নেওয়া আলোচকদের অধিকাংশই। লারমা অভিযোগ করেন, দু-একটি ব্যতিক্রম ছাড়া এ দেশের বেসামরিক এবং সামরিক আমলাতন্ত্র জাত্যভিমানী এবং সাম্প্রদায়িক। আদিবাসীদের অধিকারের প্রশ্ন এলে এই আমলাতন্ত্রের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। এরা সরকারকে বাধ্য করে তাদের পক্ষে কাজ করতে। সন্তু লারমা মনে করেন, রাষ্ট্রের নীতিনির্ধারকদের পাশাপাশি এই আমলাতন্ত্রের মনোভাবেরও পরিবর্তন দরকার। ‘রাষ্ট্র পরিচালনায় দেশপ্রেমিক ও প্রগতিশীল মানুষের ভূমিকা নগণ্য। দেশ পরিচালনায় যারা আছে, তারা প্রান্তিক মানুষদের অধিকার সংরক্ষণে মোটেও দায়িত্বশীল নয়।’ বলেন এই আদিবাসী নেতা। পার্বত্য চুক্তির সময় আওয়ামী লীগ সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো তারা এখন ভুলে গেছে বলে অভিযোগ করেন সন্তু লারমা। তবে চুক্তি সঠিকভাবে বাস্তবায়ন না করলে এবং আদিবাসীদের অধিকারের বিষয়ে রাষ্ট্রের অবস্থানের পরিবর্তন না ঘটলে পার্বত্য এলাকায় যে রক্তপাত হচ্ছে, তা আরও বাড়বে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সন্তু লারমা। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের সভাপতিত্বে এই সেমিনারে দুটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ আবুল বারকাত এবং আদিবাসী নেতা সঞ্জীব দ্রং। আবুল বারকাত ‘আদিবাসী মানুষের ভূমি অধিকার-উন্নয়ন-মানবাধিকার’ শীর্ষক প্রবন্ধে উল্লেখ করেন, গত ৩০ বছরে ২২ শতাংশ আদিবাসী পরিবার ভূমি থেকে উচ্ছেদ হয়েছে। এবং সমতলের ১০টি আদিবাসী জাতি ৩০ বছরে দুই লাখ দুই হাজার ১৬৪ একর ভূমি হারিয়েছে। সঞ্জীব দ্রং তাঁর প্রবন্ধে আদিবাসীদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীকে উদ্যোগী হওয়ার অনুরোধ জানান। আলোচনায় অংশ নিয়ে সাংসদ হাসানুল হক ইনু আদিবাসীদের সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অপরদিকে ভূমি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক সমতলের আদিবাসীদের সমস্যা সমাধানে একটি পৃথক আইন করার তাগিদ দেন।সাংসদ রাশেদ খান মেনন আদিবাসীদের সমস্যা সমাধানে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার কথা বলেন। সুলতানা কামাল আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনে সরকারি বাধা সৃষ্টির তীব্র সমালোচনা করেন। তিনি দিবস পালন নিরুৎসাহিত করতে দেওয়া সরকারি প্রজ্ঞাপনটি প্রত্যাহারের দাবি জানান।সেমিনারে আলোচকদের মধ্যে আরও ছিলেন বেসরকারি প্রতিষ্ঠান বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সারা হোসেন, রানা দাশগুপ্ত, বেসরকারি প্রতিষ্ঠান এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, ব্র্যাকের পরিচালক আন্না মিন্জ, আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেন প্রমুখ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা আদিবাসী প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন।