ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা মণি সিংহের স্মরণানুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, মণি সিংহ নীতিনিষ্ঠ রাজনীতির প্রতীক। শোষণমুক্তির সংগ্রাম, আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা, সততা, সাহস, আত্মত্যাগ, মানবপ্রেম, মেহনতি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও দেশপ্রেমের মূর্ত প্রতীক হয়ে তিনি চিরদিন বাংলাদেশের মানুষের সামনে আলোকবর্তিকা হয়ে থাকবেন।
ঐতিহাসিক টংক আন্দোলনের নেতা ও মুক্তিযুদ্ধকালে প্রবাসী সরকারের উপদেষ্টা মণি সিংহের এ স্মরণসভা গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হয়। কমরেড মণি সিংহ মেলা উদ্যাপন কমিটি এ সভার আয়োজন করে।
সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বর্তমান রাজনীতিতে আদর্শহীনতা, দুর্বৃত্তায়ন, কালোটাকা, সন্ত্রাস-লুটেরাদের চলমান ধারা থেকে উত্তরণের জন্য মণি সিংহের জীবন থেকে শিক্ষা নিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশের সভাপতিত্বে স্মরণ সভায় মনজুরুল আহসান খান, খালেকুজ্জামান, অজয় রায়, কামাল লোহানী, কে এ এম সাদউদ্দিন, আয়শা খানম বক্তব্য দেন। সভায় একাধিক আলোচক বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে সমাজতান্ত্রিক শিবিরের রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন আদায়ে বড় অবদান ছিল মণি সিংহের। তিনি ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনী গড়ে তোলেন। বিজ্ঞপ্তি।