নীতিমালা অনুযায়ী বাংলার প্রশ্নপত্র হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্রের মানবণ্টন ঘোষিত নীতিমালা অনুযায়ী হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে। কম নম্বর পাওয়ার আশঙ্কা করছে অনেক শিক্ষার্থী।গতকাল মঙ্গলবার সারা দেশে ওই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর প্রশ্নপত্রের মানবণ্টন নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সামনের পরীক্ষাগুলোতে ঘোষিত নীতিমালা অনুযায়ী প্রশ্নের মানবণ্টন হবে কি না, তা নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।জানা যায়, পরীক্ষার আগে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন করে দিয়েছিল। নীতিমালায় বলা হয়েছিল, ১৫০ শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে এবং এর মান হবে ১২। বাস্তবে শব্দসংখ্যা নির্ধারণ না করে রচনা লিখতে বলা হয়েছে, মান ধরা হয়েছে ১৫ নম্বর। সংশ্লিষ্টরা বলছেন, পুরোনো নীতিমালা অনুযায়ী এই প্রশ্নটি করা হয়েছে, যদিও নতুন নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছিল।নীতিমালায় বলা ছিল, বাংলা বিষয়ের প্রশ্নপত্রে ‘বাক্যের ক্রিয়াপদের চলতি রূপ দেখাতে হবে’। কিন্তু গতকালের পরীক্ষায় এই প্রশ্নে ‘শব্দের ক্রিয়াপদের চলতি রূপ’ দেখাতে বলা হয়েছে।এ ছাড়া প্রশ্নপত্রে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। প্রতি উত্তরের জন্য মান ধরা হয়েছে ১ নম্বর। নীতিমালায় ছিল চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির মান হবে ২ নম্বর।এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রথম আলোকে জানান, নম্বর বণ্টনে হেরফের হওয়ার কারণে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। তা ছাড়া জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর কাছে নম্বর বণ্টনে হেরফের হওয়ার কারণ জানতে চাওয়া হয়েছে।জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর মহাপরিচালক নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, নীতিমালা অনুযায়ী প্রশ্নের মানবণ্টনে গরমিলের বিষয়টি তাদের নজরে এসেছে। কীভাবে এটি হয়েছে, তা তদন্ত করে দেখা হবে। খাতা দেখার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য ই-মেইলে সংশ্লিষ্টদের কাছে সংশোধনী ও নির্দেশনা পাঠানো হবে।