নীতিমালা অমান্য করে উঠছে বিপণিবিতান!
রাজশাহী নগরের সাহেব বাজার এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত আরডিএ মার্কেট (বিপণিবিতান)। বিপণিবিতানের পুরোনো ভবনে রয়েছে প্রায় দুই হাজার দোকান। এখন সেই পুরোনো তিনতলা ভবন সম্প্রসারণ করে চারতলা করা হচ্ছে। এর পেছনে নতুন করে উঠছে আরেকটি ছয়তলা ভবন। ব্যস্ততম এলাকায় বিপণিবিতান দুটির নির্মাণকাজ ‘বিল্ডিং কোড’ অমান্য করে চলছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, ভবন দুটি নির্মাণে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ মানা হচ্ছে না। নির্মাণাধীন ভবন দুটিতে পর্যাপ্ত গাড়ি পার্কিং ও অগ্নিনির্বাপণের সুব্যবস্থা নেই। এতে ভবন দুটি ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। অবশ্য পুরোনো ভবনের চারতলা সম্প্রসারণের কাজ বর্তমানে স্থগিত আছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সূত্রে জানা গেছে, ১৯৮৬-৮৭ সালের দিকে আরডিএ এখানে টিনশেড বিপণিবিতান তৈরি করে। ২০০৪ সালে আরডিএর পুনর্বাসিত ব্যবসায়ী সমিতিকে দিয়ে তিনতলা বিপণিবিতান নির্মাণ করানো হয়। এর ওপরই এখন চতুর্থ তলা করা হচ্ছে। আর এর পেছনে ছয়তলা করে বিপণিবিতান সম্প্রসারণ করা হচ্ছে। আগের টিনশেড বিপণিবিতানের মাঝে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা ছিল। এখন দুই হাজার দোকানের জন্য সামনের অল্প একটু সংযোগ-সড়ক ছাড়া গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। ভবনের ভেতরে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা রাখা হয়নি। এখনই নির্মাণাধীন বিপণিবিতানের সামনে সারা দিন যানজট লেগে থাকে। এদিকে ২০০৯ সাল থেকে ছয়তলা ভবনের কাজ চলছে। আরডিএ সূত্রে জানা যায়, বিল্ডিং কোড অনুযায়ী এ ধরনের বাণিজ্যিক ভবনের প্রায় ২০ শতাংশ পার্কিংব্যবস্থা থাকার কথা। সেই হিসেবে এই নতুন ভবনের ভূ-গর্ভস্থ অংশের পুুুরোটাই পার্কিংয়ের জন্য রাখার কথা। কিন্তু এই ভবনের নকশায় ভূ-গর্ভস্থ অংশের মাত্র ৪০ শতাংশ পার্কিংয়ের জন্য রাখা হয়েছে। বাকি জায়গায় দোকান করা হবে। স্থানীয় লোকজন আশঙ্কা করছেন, এই বাকি ৪০ শতাংশেও হয়তো দোকানই করা হবে। জানা গেছে, বিধি অনুযায়ী এই ভবনের নকশা সংশ্লিষ্ট কর্মকর্তা অনুমোদন করেননি। ভবন দুটির নির্মাণকাজ যথার্থ হচ্ছে কি না, তা যাচাইয়ের জন্য আরডিএর বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহিম গত বছরের ৭ জুলাই একটি তদন্ত কমিটি গঠন করে দেন। রাজশাহী সিটি করপোরেশনের তৎকালীন প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে কমিটির আহ্বায়ক করা হয়। কমিটি গত ২ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে নানা অসংগতির কথা উল্লেখ করা হয়। এ ছাড়া জনসমাবেশস্থল হিসেবে পরিচিত সাহেব বাজারে আগের তিনতলা ভবনের ওপর চতুর্থ তলা ভবন নির্মাণের বিষয়ে তদন্ত কমিটি কোনো মতামত দিতে অপারগতা প্রকাশ করে। আর নতুন ছয়তলা ভবনের কাঠামো নকশায় মাটি পরীক্ষার কোনো সূত্র তদন্ত কমিটি খুঁজে পায়নি। তদন্ত প্রতিবেদনে এই ভবনের কাঠামো পুনঃপরীক্ষার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করা হয়েছে। সেই সঙ্গে ভবনটি ‘বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড’ অনুসারে নির্মিত হওয়া আবশ্যক বলে সুপারিশ করা হয়। প্রতিবেদন পাওয়ার পর পুরোনো ভবনের ওপর চতুর্থ তলার নির্মাণকাজ স্থগিত করা হলেও ছয়তলার কাজ অব্যাহত রয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এ বি এম ফেরদৌস বলেন, ‘আরডিএ মার্কেটের পেছনে আমাদের একটি গাড়ি কোনো রকমে ঢুকতে পারে। কিন্তু আরও প্রশস্ত জায়গা রেখে এই বাণিজ্যিক ভবনগুলো করা দরকার ছিল।’ পুরোনো ভবনে পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা না রাখার ব্যাপারে আরডিএর দায়িত্বশীল প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ‘পরে যখন ভেঙে নতুন করে করা হবে, তখন পার্কিংয়ের জায়গা করা হবে। আর নতুন ভবনের বেজমেন্টের (ভূ-গর্ভস্থ অংশ) ৫০ শতাংশ পার্কিং রাখা আছে।’ আরডিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রহিম প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটি স্বীয় বিবেচনায় কাজ করতে বলেছে বা পরামর্শকের সাহায্য নিতে বলেছে। সেটাই করা হচ্ছে। তিনি বলেন, ‘পার্কিংয়ের বিষয়টি আমরা দেখছি।’