নীতিমালা উপেক্ষা করে মডেল টেস্টের নামে টাকা আদায়
সরকারি নীতিমালা উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন উচ্চবিদ্যালয়ে মডেল টেস্টের ফির নামে শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বছরে শুধু দুটি পরীক্ষা নেওয়া যাবে। যার একটি ষাণ্মাসিক, অপরটি বার্ষিক। সরকারি নীতিমালা অনুযায়ী, ফি নিয়ে এ ধরনের পরীক্ষা নেওয়া সম্পূর্ণ বেআইনি।জানা গেছে, উপজেলার বিভিন্ন উচ্চবিদ্যালয়ে ত্রৈমাসিক পরীক্ষার আদলে মডেল টেস্ট পরীক্ষার নাম দিয়ে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা করে ফি আদায় করা হচ্ছে। নবীনগর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে কাল সোমবার থেকে শুরু হতে যাওয়া মডেল টেস্টের নামে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে পাঁচ বিষয়ের পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা করে আদায় করা হয়েছে।একইভাবে ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের প্রায় এক হাজার ৭০০ শিক্ষার্থীর (ষষ্ঠ থেকে দশম) প্রত্যেকের কাছ থেকে ছয় বিষয়ের মডেল টেস্টের নামে ১৫০ টাকা করে আদায় করা হচ্ছে।নবীনগর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘বিভিন্ন কারণে গত তিন মাসের মধ্যে বহুদিন বিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকায়, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে ও চাঙা রাখতেই এই মডেল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফৌজিয়া নাজমা বেগম ১৫০ টাকা করে ‘পরীক্ষা ফি’ আদায়ের কথা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সবার সিদ্ধান্ত অনুযায়ী ১৫ এপ্রিল থেকে মডেল টেস্ট নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ বলেন, ‘সরকারি নীতিমালা অনুযায়ী ষাণ্মাসিক পরীক্ষার আগে এসব পরীক্ষা নেওয়া সম্পূর্ণ বেআইনি।’