আগামী ১ জুলাই থেকে রপ্তানি পণ্যভর্তি কনটেইনারের ওজন যাচাই করে জাহাজে তুলতে হবে। এই বাধ্যবাধকতা বাস্তবায়ন করতে এ-সংক্রান্ত একটি নীতিমালা চূড়ান্ত করেছে সমুদ্র পরিবহন অধিদপ্তর। আজ মঙ্গলবার এই চূড়ান্ত নীতিমালা ব্যবহারকারীদের কাছে বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।
গতকাল সোমবার বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে ব্যবহারকারীদের সঙ্গে সমুদ্র পরিবহন অধিদপ্তরের কর্মকর্তাদের বৈঠক শেষে এই নীতিমালা চূড়ান্ত করা হয়। অধিদপ্তরের প্রধান নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কে এম জসীমউদ্দিন সরকার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
আন্তর্জাতিক নৌ সংস্থা বা আইএমওর সমুদ্রে জীবনের নিরাপত্তা-বিষয়ক (সেফটি অব লাইফ অ্যাট সি) কনভেনশনের আওতায় এই বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কনভেনশনে এই সংশোধনী আনা হয়। এই কনভেনশনের অনুসমর্থনকারী বাংলাদেশসহ বিশ্বের ১৬২টি দেশের এই নিয়ম মানার বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে রপ্তানিকারকেরা বিভিন্ন নথিতে পণ্যের ওজন উল্লেখ করলেও তা পুরোপুরি যাচাই করে না কোনো সংস্থা। নতুন নিয়মে প্রতিটি রপ্তানি পণ্যভর্তি কনটেইনার স্বীকৃত সংস্থার মাধ্যমে ওজন করে সনদ নিতে হবে।
বর্তমানে রপ্তানি পণ্যের ৯০ শতাংশ চট্টগ্রামের ১৬টি বেসরকারি ডিপোতে কনটেইনারে বোঝাই করে বন্দর দিয়ে জাহাজে তুলে দেওয়া হয়। নীতিমালা অনুযায়ী, কনটেইনার ডিপোগুলো রপ্তানি পণ্যের ওজন মেপে সনদ প্রদান করতে পারবে। এ জন্য ডিপোগুলোতে ওজন মাপার যন্ত্র মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই পরীক্ষা করে অনুমোদন দেবে।
নীতিমালা অনুযায়ী, দুই পদ্ধতিতে কনটেইনার পণ্যের ওজন পরীক্ষা করতে পারবে ডিপোগুলো। রপ্তানিপণ্য বোঝাই করে কনটেইনারসহ ওজন বা আলাদা করে পণ্যের ওজন নিয়ে কনটেইনারের ওজনের সঙ্গে যোগ করে মোট ওজন নির্ধারণ করতে পারবে। ডিপোগুলো রপ্তানি পণ্যভর্তি কনটেইনারে ওজন করার পর নির্ধারিত ফরমে সনদ প্রদান করবে। এই সনদ ছাড়া জাহাজ পরিচালনাকারীরা কোনো রপ্তানি কনটেইনার জাহাজে তুলবে না।
গতকাল বন্দরে বৈঠকে ১ জুলাই থেকে রপ্তানি কনটেইনারের ওজন পরীক্ষা করে জাহাজে বোঝাইয়ের বাধ্যবাধকতার বিষয়টি জানিয়ে দেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জাকিউর রহমান ভূঁইয়া।
এ সময় ব্যবহারকারীদের মধ্যে ফ্রেইট ফরোয়ার্ডার অ্যাসোসিয়েশনের সহসভাপতি আমিরুল ইসলাম চৌধুরী, পরিচালক অমিয় শংকর ও খায়রুল ইসলাম, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক ওয়াহিদ আলম, কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন গিয়াস উদ্দিন, কনটেইনার ডিপো মালিক সমিতি বিকডার সচিব রুহুল আমিন সিকদার প্রমুখ বক্তব্য দেন।