নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিং প্রতিরোধে একটি সমন্বিত নীতিমালা ও দিকনির্দেশনা তৈরির নির্দেশ চেয়ে হাইকোর্টে গতকাল সোমবার একটি রিট করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয় গঠিত হাইকোর্টের বেঞ্চে ওই রিট আবেদনের ওপর শুনানি হবে। সারা দেশে ইভ টিজিংয়ের প্রায় ১০০ ঘটনাকে তুলে ধরে জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী জনস্বার্থে রিটটি করেন। আবেদনকারীর পক্ষের আইনজীবী ও জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহসভাপতি ফাহিমা নাসরিন প্রথম আলোকে বলেন, আগে দেখা গেছে, মেয়েরা ইভ টিজিংয়ের শিকার হয়ে মারা যেত। কিন্তু এখন ধরন পরিবর্তন হয়েছে। বর্তমানে যেসব মেয়ে ইভ টিজিংয়ের শিকার হচ্ছে, তাদের অভিভাবকদেরও হত্যা করছে বখাটেরা। তাই ইভ টিজিং রোধে একটি সমন্বিত নীতিমালা ও দিকনির্দেশনা তৈরির নির্দেশনা চাওয়া হয়েছে।রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন, মহিলা ও শিশু শিক্ষা, সমাজকল্যাণ, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার সচিব ও পুলিশের মহাপরির্দশককে বিবাদী করা হয়েছে। এসব মন্ত্রণালয়সহ মানবাধিকার সংগঠন, বিভিন্ন মহিলা সংগঠন ও সুশীলসমাজের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি করার আরজিও জানানো হয়েছে।